৩০৬ নম্বর বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লংবেন্টন স্ট্রিট বাসস্টপে সন্ধ্যা নামছে। ৩০৬ নম্বর বাসের জন্য অপেক্ষা করি। এই বাসস্টপে যে কৃষ্ণাঙ্গ যুবকটি গিটার বাজায়, দেখি সে তার আসর গুটিয়ে কাঁধে তুলে নিয়েছে গিটার। সামনে উল্টিয়ে রাখা তার টুপিতে যে খুচরা পয়সা জমেছে, তা গুনে পকেটে পোরে সে। টুপিটা মাথায় দিয়ে হেঁটে যায় ওপারের ফুটপাতে। একটা দুটো গাড়ি হেডলাইট জ্বালিয়ে দ্রুত চলে যায়। চরাচরে আর কাউকে দেখা যায় না। হু হু ঠান্ডা দমকা হাওয়া। আমার কানটুপি টেনে আরেকটু নামাই। হাওয়ার হিম বাড়ে। দূরে অপস্রিয়মাণ গিটার যুবককে দেখি। স্ট্রিট লাইটগুলো জ্বলে ওঠে। যেকোনো সময় ম্যাজিশিয়ানের টুপির ভেতর থেকে আচমকা বের হয়ে আসা খরগোশের মতো আকাশের শরীর থেকে ঝরতে শুরু করবে তুষার। বৃষ্টি নয়, তুষার। ফলে কোথাও আকাশ কালো করে মেঘ জমা নেই। বজ্র নেই। মন কেমন করা নেই। ওপারেতে কালো রঙ বৃষ্টি পড়ে ঝম ঝম এপারেতে লঙ্কাগাছটি রাঙ্গা টুক টুক করেগুণবতী ভাই আমার মন কেমন করে। এসব কিছু নেই। কেবল একটি বাসস্টপ, তার মাথার ওপর স্ট্রিট লাইট আর তুষারের আশঙ্কা। ব্যস্ত পায়ে বাসস্টপে এসে দাঁড়ায় একটা মেয়ে। তার গলায় লাল মাফলার, গায়ে লাল ওভারকোট। ঠান্ডায় তার নাক লাল। পায়ে কালো বুট। ওভারকোট আর বুটের মাঝামাঝি জায়গায় দেখা যায় তার নগ্ন শ্বেতশুভ্র হাঁটু। আমি আমার হাত মোজা পরে নিই। গোবিন্দগঞ্জে বাসের জন্য দাঁড়িয়ে ছিলাম একদিন। মহিষের রক্তের মতো লাল একটি ওড়না মুখের চারপাশে জড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিল একটি মেয়ে। ধুলোয় পাখির মতো কয়েকটা গাছের পাতা উড়ছিল। গাইবান্ধাগামী একটি বাস তীব্র বেগে ছুটে গেলে দমকা হাওয়ায়। পতাকার মতো উড়ছিল মেয়েটির ওড়না। আগ্রার মীনাবাজারে উপস্থিত থাকলে নিশ্চয়ই আকবরের নজর কাড়ত মেয়েটি। লংবেন্টন স্ট্রিটে যে পথে কৃষ্ণাঙ্গ গিটারবাদক হারিয়ে গেছে, সে পাথে লাল ওড়না মেয়েটির ছায়া দেখি। লাল ওভারকোট মেয়েটি সিগারেট ধরায়। আর ঠিক তখনই ঝুর ঝুর করে তুষার পড়তে শুরু করে। তার গোলাপি লিপস্টিক গলিয়ে বেরিয়ে আসা ধোঁয়া তুষারের ফাঁকে ফাঁকে উড়ে নক্ষত্রের দিকে রওনা দেয়। স্ট্রিট লাইটের আলোয় ধোঁয়ার রেখা হয়ে ওঠে হলুদ। একটি বাসস্টপ জনমানবহীন হলেই তা নির্জন হয় না। একজন কেউ যখন বাসস্টপে এমনভাবে এসে দাঁড়ায় যেন এটি জনমানবহীন, তখনই তা নির্জন হয়ে ওঠে। লাল ওভারকোট মেয়েটির চারপাশে তেমনই নির্জনতা রচনা করে দাঁড়িয়ে থাকে। আমি দূরে দাঁড়িয়ে আমার হাত মোজা আরেকটু টেনে নিই। মেয়েটির সিগারেট টানার ভঙ্গিতে অস্থিরতা, উদ্বিগ্নতা দেখতে পাই। গোবিন্দগঞ্জ বাসস্টপে দেখা হয়েছিল শফিকের সঙ্গে। একটা কাঁঠাল হাতে নিয়ে লাল ওড়না মেয়েটির পাশে এসে দাঁড়িয়েছিল শফিক। কত দীর্ঘদিন পরে শফিকের সঙ্গে দেখা হয়েছিল সেদিন। জিজ্ঞাসা করেছিলাম, কেমন আছিস? কাঁঠাল নামিয়ে রেখে হাত মিলিয়েছিল শফিক। ওর হাতের তালুতে দেখেছিলাম কাঁঠালের কাঁটার দাগ। বলেছিল, ‘কবে কোন দিন ভালো ছিলাম তিন শ বছর আগে। ভালো থাকা কি এতই সহজ?’ লাল ওড়না মেয়েটিকে দেখিয়ে বলেছিল, ‘পরিচয় হয়নি তোর সঙ্গে, এই হচ্ছে সে, যার হূদয় আজ ঘাস।’মহিষের রক্তের মতো লাল ওড়নার মেয়েটি মোগল রহস্যময়তা নিয়ে হেসেছিল। এই পৃথিবী গ্রহে তেমন হাসি আমি দেখিনি কোথাও। এমন অলৌকিক। যে তুখোড় শফিক ছিল আমাদের তারুণ্যের বিস্ময়, তাকে কাঁঠাল হাতে গোবিন্দগঞ্জ বাসস্টপে দেখায় সেই ম্যারাথন দৌড়বিদের মতো যে শেষ ফিতা ছোঁবার ঠিক আগমুহূর্তে পড়ে গেছে ট্র্যাকের ওপর। ৩০৬ নম্বর বাস আসে না। চারদিকে তুষার প্লাবিত সন্ধ্যা। লাল ওভারকোট মেয়েটির সিগারেটের আগুন। পৃথিবীতে বেঁচে থাকা ভালো জেনে মেয়েটি কি এখন পানশালায় যাবে? স্বচ্ছ কাচের গ্লাসে লেগে থাকবে তার গোলাপি লিপস্টিক? সে কি রাতভর বন্ধুদের সঙ্গে উদ্দাম উল্লাসে মগ্ন থেকে ভাববে কোথাও আর বাঘের পাড়া নেই আজ? ফায়ারপ্লেসের পাশে আগুনের ওম নিয়ে চোখ বুজে বাড়িতে তার জন্য হয়তো অপেক্ষা করছে তার প্রিয়তম বিড়াল। রান্নাঘরে হয়তো অপেক্ষা করে আছে নিঃশব্দ ওভেন, কখন তার গহ্বরে ঢুকবে মাখন মাখানো সালমন। আগুনে ধীরে ধীরে বাদামি হয়ে উঠবে সালমনের শরীর। টেবিলে জ্বলবে মোম। মেয়েটি তার লাল ওভারকোট খুলে দরজার পাশে হ্যাঙারে ঝোলাবে। বুট খুলবে। লিপস্টিক মুছবে। তারপর কি প্যাট্রিক আসবে? মোমের আলোয় গ্রিলড সালমন আর ইয়র্কশায়ার পুডিং দিয়ে ডিনার সেরে ধুম তুষারপাতের ভেতর তারপর তারা কি একে অন্যকে ঢেলে দেবে এক রাত্রি দিতে পারে যত? বন্য শূকর খুঁজে পাবে প্রিয় কাদামাছরাঙা পাবে অন্বেষণের মাছকালো রাতগুলো বৃষ্টিতে হবে শাদাঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ..প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকইতবু শান্তি পাবে না পাবে না পাবে নাশহীদ কাদরী আওড়াতেই ৩০৬ নম্বর বাস এসে পড়ে। ধূমপানরত উদ্বিগ্ন লাল ওভারকোট মেয়েটিকে পেছনে রেখে আমি বাসে উঠে পড়ি। মেয়েটি ওঠে না। আমি ড্রাইভারকে বলি, আমাকে একটা গোবিন্দগঞ্জের টিকিট দিন। লংবেন্টন রুটের বৃদ্ধ শেতাঙ্গ ড্রাইভার আমাকে একটা টিকিট দেন। শুভ্র তুষারে ঢেকে আছে চারপাশ। হেডলাইটের আলো ফেলে ছুটে চলে বাস। গোবিন্দগঞ্জে বাস থেকে নেমে আজ আমি সত্রাশিয়া বাজারে যাব। সেখানে আজ কাশেম মালার প্রেম যাত্রাপালা হবে। আমি সারা রাত যাত্রাপালা শুনব। শফিকের সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করব, সে কি তবে মেঘের জীবনই বেছে নিল? যে মেঘ মহাশূন্যেও যায় না, পৃথিবীতেও নেমে আসে না, মাঝামাঝি নিরালম্ব হয়ে ঝুলে থাকে শুধু বৃষ্টি হয়ে মৃত্যুবরণ করার জন্য? লংবেন্টন বাসের জানালার কাচের কুয়াশা মুছে আমি দূরে তুষারে ঢাকা চার্চের চূড়া দেখি। ভিক্টোরিয়া গ্লেড, রাসকিন ড্রাইভ দিয়ে শাঁ শাঁ বেগে চলে আমার বাস। বাস একসময় আমাকে গোবিন্দগঞ্জে নামিয়ে দিলে আমি সত্রাশিয়া বাজারের মাঠে জ্বালানো হ্যাজাক লাইট দেখতে পাই। আমি দ্রুত সেদিকে হাঁটি। মাইকে ক্লারিওনেটের বাজনা শুনি। ক্লারিওনেট বন্ধ করে কে যেন গাইতে থাকে—যমুনার জল দেখতে কালোস্নান করিতে লাগে ভালোযৌবন মিশিয়া যায় জলে। যার শরীর থেকে যৌবন একটি কোনো পদার্থের মতো বেরিয়ে এসে দ্রবীভূত হচ্ছে যমুনার জলে, তার কথা ভাবি। তারপর আলো-ঝলমল প্যান্ডেলের নিকটবর্তী হই। অগণিত মানুষ। চাপা কোলাহল। প্যান্ডেলের পাশে প্রকাণ্ড এক কড়াইয়ে জিলাপি ভাজা হচ্ছে। আমি কাশেম মালার প্রেম পালাগানের টিকিট কিনি। ঠিক তখন হঠাৎ জিলাপির আগ্নেয় কড়াইয়ের পাশে আমি দেখতে পাই হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে লাল ওভারকোট সেই মেয়েটি। তার সেই গোলাপি লিপস্টিক, নগ্ন হাঁটু। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি—আপনি এখানে? মেয়েটি দ্রুত আমার কাছে ছুটে এসে বলে—আমি ভুল করে ৩০৬ নম্বর বাসে উঠে পড়েছিলাম। বাস আমাকে এখানে নামিয়ে দিয়ে গেছে। আমি তো গোবিন্দগঞ্জ আসতে চাইনি। আমাকে এখনই যেতে হবে নিউক্যাসল এয়ারপোর্টে। আজ প্যাট্রিকের লাশ আসবে কান্দাহার থেকে। সেখানে ল্যান্ড মাইনের বিস্ফোরণে মারা গেছে ও। আমার দেরি হয়ে যাচ্ছে। আপনি আমাকে সাহায্য করুন, প্লিজ। আমাকে ফিরতি বাসে উঠিয়ে দিন। আমি মেয়েটিকে বলি—আপনি আপনার ওভারকোটটা খুলে ফেলুন। ভীষণ গরম এখানে। মেয়েটি তার লাল ওভারকোট, লাল মাফলার খুলে আমার হাতে দেয়। বুট খুলে হাতে নিয়ে খালি পায়ে হাঁটে। তার নির্লোম নগ্ন পায়ে লাগে গোবিন্দগঞ্জের ধুলা। আমি হ্যাজাকের আলো পেছনে ফেলে উদ্বিগ্ন মেয়েটিকে নিয়ে ফিরতি ৩০৬ নম্বর বাসস্ট্যান্ডের দিকে রওনা দিই। মাইকে তখনো কে যেন গায়— হাঁটুজলে নাইম্যা কইন্যা হাঁটু মাঞ্জন করেউড়ৎ জলে নাইম্যা কইন্যা উড়ৎ মাঞ্জন করে কোমর জলে নাইম্যা কইন্যা কোমর মাঞ্জন করেবুকো জলে নাইম্যা কইন্যা বুকো মাঞ্জন করেযৌবন মিশিয়া যায় জলে...