৩০৭ কোটি টাকা ব্যয়ে নতুন রূপে আদমজী
বাংলাদেশ পাটকল করপোরেশনের মালিকানায় (বিজেএমসি) ৩০৭ কোটি টাকা ব্যয়ে আদমজী পাটকল নতুন রূপে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। পাট ও বস্ত্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন আদমজী পাটকল স্থাপন করা হবে ২২ একর জায়গায়। এর মধ্যে মূল কারখানা হবে সাড়ে ১১ একর জমির ওপর। এতে ৮০টি স্পিনিং ফ্রেম ও ৫০টি তাঁত স্থাপন করা হবে। এখানে এক হাজার ৭১৬ জনের কর্মসংস্থান হবে।জানা গেছে, গত এপ্রিলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়কে আদমজী ইপিজেডের অব্যবহূত জমিতে পাটকলটিকে পুনঃপ্রতিষ্ঠা করা যায় কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। গত ৭ জুলাই পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করে পাট খাতের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চান। আদমজী পাটকল চালুর ব্যাপারেও ওই বৈঠকে আলোচনা হয়। এ সময় পাটকলগুলোর বকেয়া পাওনা বাবদ ২৫৭ কোটি টাকা এবং কওমী, দৌলতপুর, পিপলস, এমএম ও রাজশাহী জুট মিল (২য় ইউনিট) চালু করতে ১৭৭ কোটি টাকা চান পাটমন্ত্রী। আদমজী পাটকল চালুর পরিকল্পনা সম্পর্কে পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী প্রথম আলোকে জানান, বিশ্বব্যাংকের শর্তের কাছে নতি স্বীকার করে পূর্ববর্তী বিএনপি সরকার মিলটি বন্ধ করে দেয়। কিন্তু বিশ্বব্যাংকের শর্ত এখন আর কার্যকর নয় এবং দেশে ও আন্তর্জাতিক বাজারে আবারও পাটের চাহিদা বাড়ছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চায় সরকার।পাট খাতকে চাঙা করতে ২০০৯ সালে একটি কমিশন গঠন করেছিল সরকার। বন্ধ পাটকলগুলো চালুসহ বিভিন্ন বিষয়ে ছয় মাসের মধ্যে কমিশনের একটি প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। এই কমিশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ প্রথম আলোকে জানান, কিছু জটিলতার কারণে প্রতিবেদন দিতে দেরি হচ্ছে। প্রাথমিক পর্যবেক্ষণে মনে হয়েছে, আদমজী ইপিজেডের দুই নম্বর ইউনিটে পাটকলটি পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব। তবে এ জন্য বিস্তারিতভাবে সম্ভাব্যতা যাচাই করতে হবে।তিনটি প্রস্তাব ছিল: পাট মন্ত্রণালয় বিজেএমসির পরিচালক (উৎপাদন) তরিকুল ইসলামকে প্রধান করে ১০ সদস্যের একটি কমিটি করে দেয়। কমিটি আদমজী পাটকল নতুন রূপে শুরু করার তিনটি প্রস্তাব জমা দেয়। প্রথম প্রস্তাবটি ছিল, অব্যবহূত ২ নম্বর ইউনিটের জমি ও আদমজী ইপিজেডের ১১ একর জমি অধিগ্রহণ করে এক হাজার তাঁতবিশিষ্ট বড় আকারে পাটকল প্রতিষ্ঠা। দ্বিতীয় প্রস্তাব ছিল, ৫০০ তাঁত নিয়ে আদমজী নতুনভাবে শুরু করা। তবে এ জন্য নতুনভাবে কোনো জমি অধিগ্রহণ করতে হবে না। আর সর্বশেষ প্রস্তাব ছিল, ৩০৭ কোটি টাকা ব্যয়ে ৮০টি স্পিনিং ফ্রেম ও ৫০টি তাঁত নিয়ে একটি কম্পোজিট পাটকল প্রতিষ্ঠা। মন্ত্রণালয় নানা দিক মূল্যায়ন এবং বাণিজ্যিকভাবে লাভজনক মনে করে তৃতীয় প্রস্তাবটির ব্যাপারে গত ৩০ মে সম্মতি দেয়।কমিটি তাদের প্রতিবেদনে বলেছে, আদমজী ২ নম্বর ইউনিটের দেয়ালসহ সব অবকাঠামো ব্যবহারের অনুপোযোগী হয়ে গেছে। কোনো যন্ত্রপাতিরও অস্তিত্ব নেই। পাটকলটি চালু করতে হলে নতুন করে অবকাঠামো নির্মাণ করে আধুনিক যন্ত্রপাতি আমদানি করতে হবে। প্রতিবেদনে সুপারিশ করা হয়, পাটকলটি চালু করতে হলে দক্ষ শ্রমিক ও কারখানা-ব্যবস্থাপক প্রয়োজন। দক্ষ জনবল তৈরির জন্য প্রয়োজনে বিদেশ থেকে প্রশিক্ষণ নিতে হবে। সম্ভাব্য আদমজী পাটকলে স্পিনিং কারখানার জন্য সুতা ও পাট দিয়ে তৈরি বহুমুখী পণ্য উৎপাদন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কর্ণফুলী জুটমিলের আওতায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডিজাইন অ্যান্ড ডেকোরেটর প্রকল্পের মাধ্যমে বেশ কিছু পাটজাত পণ্য উৎপাদিত হয়। আদমজী পাটকলে ওই একই পণ্য উৎপাদন করার পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, নতুন রূপে আদমজী চালু করতে প্রথম পর্যায়ে ১৪৫ কোটি ৩৫ লাখ ও দ্বিতীয় পর্যায়ে ১৬১ কোটি ৩৯ লাখ টাকা ব্যয় করতে হবে। উৎপাদনে যেতে সময় লাগবে তিন বছর। প্রতিদিন ১৬ ঘণ্টা চালু রেখে ৫০ দশমিক ৭০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদন করা যাবে।প্রয়োজন সম্ভাব্যতা যাচাই: আদমজী পাটকল চালুর বিষয়ে বাংলাদেশ জুটমিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমএ) সভাপতি নাজমুল হক প্রথম আলোকে বলেন, সরকারি বিনিয়োগে পাটকল চালু করতে হলে অবশ্যই একটি নিরপেক্ষ সম্ভাব্যতা যাচাই প্রয়োজন। সেখানে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধি থাকতে হবে।সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) জ্যেষ্ঠ গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, পুরোনো কায়দায় আদমজী চালু করা ঠিক হবে না। এ নিয়ে নতুন করে ভাবতে হবে। বর্তমানে বিশ্বজুড়ে পাটের বাজার সম্প্রসারিত হচ্ছে। পাটপণ্য ব্যবহারের ক্ষেত্রে সরকার নীতিমালায় নীতিগত অনুমোদনসহ পাটবান্ধব কর্মকাণ্ড নিয়েছে। পাটের এই নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে আদমজী পাটকল পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ ইতিবাচক। তবে পুরোনো শ্রমিকদের দেনা-পাওনা পরিশোধ করে নতুন ও উদ্যমী শ্রমিকদের নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়ে গোলাম মোয়াজ্জেম বলেন, আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি বেসরকারি খাত থেকে দক্ষ ব্যবস্থাপক এনে নিয়োগ দেওয়া যেতে পারে। বন্ধ পাটকলগুলো চালু ও সরকারি অন্য পাটকলগুলোকে লাভজনক করার ক্ষেত্রে পেশাদার লোকদের দিয়ে একটি স্বতন্ত্র পাট বোর্ড স্থাপন করতে পারে সরকার। জনবল নিয়োগ থেকে শুরু করে পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে এই বোর্ড কাজ করবে। প্রসঙ্গত, ১৯৫১ সালে ৩০৭ একর জমির ওপর আদমজী পাটকল স্থাপন করা হয়েছিল। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে এই পাটকলে প্রায় ২৫ হাজার শ্রমিক কাজ করতেন। কিন্তু ক্রমাগত লোকসান ও ঘন ঘন শ্রমিক ধর্মঘটের কারণে মিলটি বন্ধ করার পরামর্শ দিয়ে আসছিল দাতারা। বিএনপি নেতৃত্বাধীন সরকার ২০০২ সালের ৩০ জুন পাটকলটি বিলুপ্ত করে সব জমি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কাছে হস্তান্তর করে। বেপজা সেখানে আদমজীনগর নামে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপন করে। বর্তমানে সেখানে ২৯৩ একর জমির ওপর ৩০৭টি শিল্প প্লট স্থাপন করা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও আদমজী পাটকল চালু করার আশ্বাস ছিল।