বিডিআর বিদ্রোহে ৩৬ ব্যাটালিয়নের মামলায় সর্বোচ্চ সাত বছর থেকে সর্বনিম্ন চার মাসের কারাদণ্ড। সর্বোচ্চ শাস্তি পেয়েছেন ৫২ জন
৩০৯ জনের সাজা, একজন খালাস
বিডিআর বিদ্রোহের ঘটনায় ৩৬ ব্যাটালিয়নের ৩১০ জন আসামির মধ্যে ৩০৯ জনেরই সাজা হয়েছে। রায়ে সর্বোচ্চ সাত বছর থেকে সর্বনিম্ন চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সর্বোচ্চ শাস্তি পেয়েছেন ৫২ জন। আবদুর রশিদ নামের একজন সিপাহিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।গতকাল শনিবার পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-১০-এর বিচারক কর্নেল খোন্দকার ওবায়দুল আহসান রায় ঘোষণা করেন। অভিযোগ দায়ের করার প্রায় দুই বছর পর রায় দেওয়া হলো।বিডিআর বিদ্রোহের মামলায় এ পর্যন্ত তিন হাজার ৩৪৫ জনের সাজা হলো। আরও দুই হাজার ৬২২ জনের বিচার চলছে। এ ঘটনায় পিলখানার বিভিন্ন সেক্টরে ১১টি মামলা হয়। এর আগে পাঁচটি মামলার রায় হয়েছে। সাজা: সাজাপ্রাপ্ত ৩১০ জন আসামির মধ্যে ৫১ জনকে সাত বছর, দুজনকে সাড়ে ছয় বছর, ১৩ জনকে ছয় বছর, ৩১ জনকে পাঁচ বছর, ৫৩ জনকে চার বছর, পাঁচজনকে সাড়ে তিন বছর, ৫৮ জনকে তিন বছর, তিনজনকে আড়াই বছর, ৫০ জনকে দুই বছর, ৩৭ জনকে এক বছর, তিনজনকে ছয় মাস এবং দুজনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত সবাইকে একই সঙ্গে ১০০ টাকা করে জরিমানাও করা হয়। আদালত সূত্র জানায়, ২০১০ সালের ১৫ মার্চ নায়েব সুবেদার গিয়াস উদ্দিন ৩৬ রাইফেলস ব্যাটালিয়নের ৩১০ আসামির বিরুদ্ধে বিশেষ আদালতে বিদ্রোহের অভিযোগ দায়ের করেন। ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি এই মামলার অভিযোগ গঠন শেষে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথমে মামলাটি ‘বিশেষ আদালত-৫’-এ ছিল। পরে বিশেষ আদালত পুনর্গঠিত হওয়ার পর মামলাটি বিশেষ আদালত-১০-এ স্থানান্তর করা হয়। ৫৬ কার্যদিবসে মামলাটির কার্যক্রম শেষ হয়। এতে সাক্ষী ছিলেন ১১৯, সাফাই সাক্ষী ২৯ জন। আসামিপক্ষের ১৬ জন আইনজীবী বিচারকাজে সহায়তা করেন।অপরাধ: আদালতের সভাপতি বলেন, আসামিদের বিরুদ্ধে ১২টি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে রয়েছে মহাপরিচালকের আদেশ অমান্য করে দরবার হল ত্যাগ করা, নিজে বিদ্রোহে অংশগ্রহণ করা ও অন্যদের উৎসাহিত করা, অধীনদের নিয়ন্ত্রণ না করা, সশস্ত্র বিদ্রোহে অংশ নেওয়া, বিদ্রোহীদের নেতৃত্ব দেওয়া ও উত্তেজনা সৃষ্টি করা।বিবেচনা: সভাপতি আদালতে বলেন, এ মামলায় আসামির পারিপার্শ্বিক ও শারীরিক অবস্থা, কর্মজীবনের রেকর্ড ইত্যাদি বিষয় বিবেচনায় রেখে রায় ঘোষণা করা হয়েছে। আসামির বক্তব্য, তাঁরা কর্মজীবনে কোনো পদক পেয়েছিলেন কি না এবং এ পর্যন্ত কারাগারে থাকার মেয়াদ বিবেচনায় আনা হয়েছে। গতকাল আদালতে সভাপতিত্ব করেন কর্নেল খোন্দকার ওবায়দুল আহসান। তাঁকে সহায়তা করেন লে. কর্নেল আইয়ুব চৌধুরী ও মেজর এ এন এম ফজলুল আজম। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে কাজী ইজারুল হক আকন্দ আদালতে উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রসিকিউটরকে সহায়তা করেন মঞ্জুর আলম ও মোখলেছুর রহমান।ব্রিফিং: রায় ঘোষণার পর ব্রিফিংয়ে প্রসিকিউটর মেজর সুজাউল হক বলেন, বেকসুর খালাসপ্রাপ্ত আসামির নাম সিপাহি আবদুর রশিদ। তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে তাঁকে চাকরিতে পুনর্বহাল করা হবে। তিনি বলেন, ৩১০ আসামির মধ্যে ৬৭ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে। তাঁদের সবার বিরুদ্ধেই ফৌজদারি আইনে বিচার হবে।