রাজধানীর বনানী সুপার মার্কেট-কাম-হাউজিং কমপ্লেক্স নির্মাণে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং পরিবেশ অধিদপ্তর পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, ২০০৭ সালের ২২ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর ছাড়পত্রের জন্য আবেদন করেছিল। এ দাবি প্রত্যাখ্যান করে পরিবেশ অধিদপ্তর বলছে, এ ধরনের আবেদনের কোনো রেকর্ড বা প্রমাণ অধিদপ্তরের কাছে নেই।ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসানুল হক মিয়ার সই করা এক চিঠিতে গতকাল সোমবার পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদনের কথা জানানো হয়। ওই চিঠির জবাবে পরিবেশ অধিদপ্তর গতকালই জানিয়েছে, পরিবেশ আইনের আলোকে সিটি করপোরেশনের বিরুদ্ধে কেন মামলা এবং ক্ষতিপূরণ আদায়সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ডিএনসিসিকে ৩১ অক্টোবরের মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যাসহ জানাতে বলা হয়েছে।সিটি করপোরেশনের সঙ্গে ১৪ তলা ভবন নির্মাণের চুক্তি করলেও তা লঙ্ঘন করে ৩০ তলা করছে বোরাক রিয়েল এস্টেট। চুক্তি লঙ্ঘন ছাড়াও বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ উঠছে ওই নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সম্প্রতি পরিবেশ অধিদপ্তর বোরাক রিয়েল এস্টেটকে ৩২ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করে এবং নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেয়। এর বিরুদ্ধে বোরাক পরিবেশ মন্ত্রণালয়ে আপিল করে। মন্ত্রণালয় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ এবং জরিমানা স্থগিত রাখার নির্দেশ দেয়। এ প্রসঙ্গে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী প্রথম আলোকে জানান, ওই ভবন নির্মাণে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী, পরিবেশ ছাড়পত্রের জন্য ঢাকা সিটি করপোরেশন কোনো আবেদন অধিদপ্তরে দাখিল করেনি। তিনি আরও বলেন, এ ধরনের বহুতল ভবনে বিনিয়োগের ওপর ভিত্তি করে ছাড়পত্র ফি এবং আনুষঙ্গিক কাগজপত্র অধিদপ্তরে দাখিল করতে হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ বিধিমালা ৭ (৫) অনুযায়ী, পরিবেশ ছাড়পত্রের জন্য প্রকল্পের উদ্যোক্তাকে যথাযথ ফিসহ ফরম-৩-এ অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার কাছে আবেদন করতে হয়। কিন্তু ঢাকা সিটি করপোরেশন বনানীতে বোরাক রিয়েল এস্টেট লিমিটেডের সঙ্গে যৌথ মালিকানায় ৩০ তলা বাণিজ্যিক ভবন নির্মাণ কার্যক্রমের জন্য এ ধরনের কোনো আবেদন দাখিল বা ফি পরিশোধ করেনি। এটা পরিবেশ আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেও জানান তিনি।