বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৩১ জন চিকিৎসক ও সাতজন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আরও তিনজন চিকিৎসককে পদাবনতি করা হয়েছে। তদন্তে তাঁদের নিয়োগ-পদোন্নতিতে অনিয়মের প্রমাণ পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।এই ৪১ জনকে চিঠি দিয়ে কর্তৃপক্ষ বলেছে, তাঁদের নিয়োগ বা পদোন্নতি কেন অবৈধ নয়, তা সাত দিনের মধ্যে জানাতে হবে। এই চিকিৎসক ও কর্মকর্তাদের নিয়োগ-পদোন্নতি হয়েছিল বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে। চিকিৎসকদের প্রায় সবাই বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সদস্য বলে জানা গেছে।বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট গঠিত পাঁচ সদস্যের পর্যালোচনা কমিটির সুপারিশ অনুযায়ী চিকিৎসক ও কর্মকর্তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এসব চিকিৎসক-কর্মকর্তার নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম ছিল বলে প্রতিবেদন দিয়েছিল। এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, কারণ দর্শানোর জবাবে কেউ সন্তোষজনক উত্তর দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চয়ই তাঁর বিষয়ে বিবেচনা করবে।সাময়িক বরখাস্ত হওয়া এবং ড্যাবের যুগ্ম মহাসচিব এস এম রফিকুল ইসলাম বলেন, ওই সময় (জোট আমলে) নিয়োগ-পদোন্নতি দিয়েছিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এক সিন্ডিকেটের সিদ্ধান্ত অন্য সিন্ডিকেটে বাতিল করা অন্যায়। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বর্তমান প্রশাসন এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। তাঁরা এর বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি আইনি লড়াই করবেন বলে জানান। সাময়িক বরখাস্ত হওয়া কয়েকজন চিকিৎসক গতকাল সন্ধ্যায় নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, তাঁরা কারণ দর্শানোর চিঠির জবাব না দিয়ে আইনের আশ্রয় নেবেন।উপাচার্য প্রাণ গোপাল দত্ত জানিয়েছেন, গতকাল বুধবার সিন্ডিকেটের সভায় চিকিৎসক ও কর্মকর্তাদের চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয় এবং গতকালই সেই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়েছে। বিএসএমএমইউর ক্রয়, নিয়োগ, প্রশাসনিক, আর্থিক ও অন্যান্য অনিয়মের বিষয়ে তদন্ত করে সংসদীয় উপকমিটি। উপকমিটি ১২ জানুয়ারি সংসদীয় কমিটির কাছে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে বলা হয়, জোট আমলে ৪২ জন শিক্ষক, ৬১ জন চিকিৎসা পরামর্শক, ১৯৮ জন মেডিকেল কর্মকর্তা এবং ১২ জন প্রশাসনিক কর্মকর্তার নিয়োগ-পদোন্নতি বিধিসম্মত হয়নি। প্রতিবেদনে তাঁদের অধিকাংশের নিয়োগ বাতিল এবং বাকিদের পূর্বপদে ফিরিয়ে নেওয়ার সুপারিশ করা হয়।সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন পর্যালোচনার জন্য ১৩ মে পাঁচ সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। ওই কমিটিকে চার সপ্তাহের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়। গতকাল প্রাণ গোপাল দত্ত প্রথম আলোকে বলেন, পর্যালোচনা কমিটি যে সুপারিশ করেছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্তের বাইরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।পর্যালোচনা কমিটি মোট ৪৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য ছয়জন ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে গেছেন। তাঁদের কোনো চিঠি দেওয়া হবে না।বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুল হাসান খান সিন্ডিকেটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘জোট আমলের দুর্নীতি-অনিয়ম নিয়ে অনেক আলোচনা ও লেখালেখি হয়েছে। আমরাও আন্দোলন করেছি। কিন্তু এবার সত্যি সত্যি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জেনে আমরা আনন্দিত।’সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছিল, ১৯৮ জন মেডিকেল কর্মকর্তার নিয়োগ বিধিসম্মত হয়নি। কিন্তু পর্যালোচনা কমিটি তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেনি।এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে উপাচার্য বলেন, পর্যালোচনা কমিটি তাঁদের ব্যাপারে নমনীয় মনোভাব দেখিয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, তাঁদের অনেকেরই এখন সরকারি চাকরিতে যোগ দেওয়ার বয়স নেই। চাকরিচ্যুত হলে তাঁরা বিপদে পড়ে যাবেন, সেই বিবেচনা থেকে তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেনি পর্যালোচনা কমিটি।যাঁরা সাময়িক বরখাস্ত হয়েছেন: ভাসকুলার সার্জারি বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, অনকোলজির চেয়ারম্যান সৈয়দ আকরাম হোসেন, রেডিওলজির ইকবাল হোসেন; সহযোগী ও সহকারী অধ্যাপকদের মধ্যে আছেন কলোরেক্টাল সার্জারি বিভাগের হাসান ইমাম আলা হাদী, ইএনটির হোসেন ইমাম আল হাদী ও এ এফ এম একরামুদ্দৌলা, চক্ষু বিভাগের মো. আ. কুদ্দুস ও খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, অ্যানেসথেসিয়া বিভাগের জেরজিনা রহমান, মো. ইকবাল হোসেন চৌধুরী ও আসিয়া আলী, নেফ্রোলজির নজরুল ইসলাম, গ্যাস্ট্রো-অ্যান্টারোলজির মো. মুজিবুর রহমান ভূঁইয়া, সার্জারি বিভাগে কামরুজ্জামান, মহিবুল আজিজ, আতিয়ার রহমান ও মো. আবদুল ওহাব খান, ইউরোলজির সাইফুল ইসলাম, গাইনির নুরুন নাহার খানম, সাঈদা সুলতানা, হুমায়রা আলম, রীয়া হুমায়রা ও হামিদা বেগম, কনজারভেটিভ ডেন্টিস্ট্রির মুজিবুর রহমান হাওলাদার, প্রস্থোডন্টিক্স বিভাগের আলীয়া সুলতানা, মেডিসিন বিভাগের মো. আবদুল কাদের, নিউনেটোলজি খালেদ নূর, পেডিয়াট্রিক হেমাটোলজির হেলেনা বেগম, পেডিয়াট্রিক নেফ্রোলজির সালমা জাহান। এ ছাড়া চিকিৎসকদের মধ্যে আছেন উপ-রেজিস্ট্রার এস এম রফিকুল ইসলাম ও সাইফ উদ্দিন নিসার আহমেদ।কর্মকর্তা: উপপরিচালক (অর্থ ও হিসাব) মাসুদ আলম, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) নাসির উদ্দিন ও খন্দকার শফিকুল হাসান, সহকারী পরিচালক (অর্থ) বদরুল হুদা, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আকতারুজ্জামান, সহকারী রেজিস্ট্রার ফেরদৌসী বেগম এবং প্রশাসনিক কর্মকর্তা আশরাফ-উস-সালেহীন। পদাবনতি: সার্জারি বিভাগের অধ্যাপক মো. সহিদুর রহমান ও জাহিদুল হক এবং ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান মো. মঈনুজ্জামানকে সহযোগী অধ্যাপক পদে প্রত্যাবর্তন করার কথা বলেছে কর্তৃপক্ষ। এই তিনজনকেও কারণ দর্শাতে বলা হয়েছে।