৩১ জানুয়ারির মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর: আইনমন্ত্রী
আইনমন্ত্রী শফিক আহমেদ জানিয়েছেন, ৩১ জানুয়ারির মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডিত পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তিনি আজ বুধবার, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়ে যাওয়ার পরপরই আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বিশেষ সভাশেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি আরও বলেন, দণ্ডিত খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে জেলকোড পুরোপুরি মেনে চলা হবে।আইনমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং কারা মহাপরিদর্শক ও স্বরাষ্ট্রসচিব।এ ছাড়া এই বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার খুনিদের মৃত্যুদণ্ড কার্যকরকে সামনে রেখে সারা দেশের আদালতগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত ১২ খুনির মধ্যে পাঁচজন বর্তমানে কেন্দ্রীয় কারাগারে আটক আর পলাতক রয়েছে সাতজন।