আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) ভর্তি হওয়া রোগীর ৩১ শতাংশই কলেরায় আক্রান্ত। রোগীদের ৪৮ শতাংশের বয়স পাঁচ বছর বা তার কম। মূলত পানি ও বাসি খাবার এ রোগের কারণ বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।আইসিডিডিআরবির ‘শর্ট স্টে ইউনিট’-এর প্রধান আজহারুল ইসলাম খানের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত এই হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আট হাজার ৪৮৮ জন রোগী ভর্তি হয়। এদের মধ্যে কলেরা বা তীব্র ডায়রিয়ায় আক্রান্ত ছিল দুই হাজার ৬৫৪ জন বা ৩১ শতাংশ। হাসপাতালে গিয়ে দেখা যায়, ভর্তি হওয়া রোগীদের একটি বড় অংশ শিশু। আজহারুল ইসলাম খানের দেওয়া তথ্য অনুযায়ী, রোগীদের মধ্যে তিন হাজার ৪৭৮ জনের বয়স দুই বছর বা তার কম। আর দুই থেকে পাঁচ বছর বয়সী রোগী ৬২৭ জন। অর্থাৎ পাঁচ বছর বা তার কম বয়সী শিশু ৪৮ শতাংশ।ঢাকা ও ঢাকার আশপাশ এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর কিছু পদক্ষেপ নিয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) এ এফ এম সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানির কারণে ডায়রিয়ার এই প্রকোপ। তাই ঢাকা ওয়াসার কয়েকটি স্থানের পানি পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই এর ফল পাওয়া যাবে।আইসিডিডিআরবি কর্তৃপক্ষ জানিয়েছে, বাড্ডা, গুলশান বস্তি, যাত্রাবাড়ী, সূত্রাপুর, মিরপুর এবং গাজীপুরের টঙ্গী থেকে বেশি রোগী আসছে।সাইফুল ইসলাম আরও বলেন, অধিদপ্তর কয়েকটি স্থানে পানির ট্যাংক সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। ওই সব জায়গায় ওয়াসার গাড়ি সরবরাহ করবে। তিনি আরও বলেন, ঢাকা শহরের সব মেডিকেল হাসপাতালে ডায়রিয়া ইউনিট খোলার নির্দেশও দেওয়া হয়েছে। আর টঙ্গী সদর হাসপাতালে ১৬ শয্যার ডায়রিয়া ইউনিট খোলা হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, ডায়রিয়া থেকে দূরে থাকতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যেমন হাত ধুয়ে খাওয়া, বাসি-পচা ও রাস্তার খাবার না খাওয়া। আজহারুল ইসলাম খান বলেন, ‘পানি বিশুদ্ধ করে খাওয়ার কোনো বিকল্প নেই।’ হঠাৎ গরম পড়ায় ২৪ মার্চ থেকে ডায়রিয়ায় আক্রান্ত মানুষ বাড়তে থাকে। ওই দিন কলেরা হাসপাতালে ৮০৫ জন রোগী ভর্তি হয়। গত মঙ্গলবার ৯০৮ জন ভর্তি হয়েছিল। এটা ছিল এ বছরের সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি না পড়লে পরিস্থিতির উন্নতি হবে না।