৩১ শয্যার হাসপাতালে রোগী একজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি হাসপাতালে শয্যা রয়েছে ৩১টি। কিন্তু গতকাল বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে দেখা যায়, রোগী ভর্তি মাত্র একজন। এ শুধু গতকালের ঘটনা নয়, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত মাসে এই হাসপাতালে রোগী ভর্তি ছিল মাত্র ৩২ জন।রাজধানীর ঢাকা ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীর চাপ সামাল দিতে কর্তৃপক্ষ হিমশিম খায়। অথচ সরকারি অর্থে পরিচালিত পুরান ঢাকার নাজিরাবাজার মাতৃসদনে নিয়মিতভাবে শয্যা খালি পড়ে থাকে।এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী না থাকায় মানুষ এই হাসপাতালে এসে সেবা পায় না। নাজিরাবাজার মাতৃসদনে চিকিৎসকের নয়টির মধ্যে চারটি পদ শূন্য। এর মধ্যে অ্যানেসথেসিওলজি বিভাগের তিনটি পদে কোনো চিকিৎসকই নেই। প্যাথলজি বিভাগে একটি পদ, সেটি শূন্য। ১০ জন সেবিকার এই হাসপাতালে কাজ করার কথা, কাজ করেন মাত্র তিনজন। কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীসহ মোট পদ আছে ৫৩টি। এর মধ্যে খালি ১৬টি।মাতৃসদনে ঢোকার পথে বাঁ পাশে বড় একটি সাইনবোর্ড চোখে পড়ে। তাতে লেখা: ‘সার্বক্ষণিক জরুরি প্রসূতি সেবা, সিজারিয়ান অপারেশন করা হয়। গর্ভবতী মহিলা ও শিশুদের ইপিআই প্রদান করা হয়।’ সকাল সাড়ে নয়টায় হাসপাতালে কোনো ভিড় চোখে পড়েনি। নিচতলা গাড়ি রাখার জন্য ব্যবহার করা হয়। দ্বিতীয় তলার বহির্বিভাগে ওই সময় কোনো রোগী ছিল না। তৃতীয় তলায় সাধারণ বিভাগ, সেখানে মাত্র একজন রোগী। চতুর্থ তলায় প্যাথলজি বিভাগ। পঞ্চম তলায় ক্যাবিন ও ভাড়া বিছানা থাকলেও কোনো রোগী ছিল না, সব কক্ষ ছিল তালা লাগানো। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০১ সালে ঢাকা সিটি করপোরেশন মাতৃস্বাস্থ্য সেবার জন্য হাসপাতালটি প্রতিষ্ঠা করে। শুরুতে এ হাসপাতালে তিনজন চেতনানাশক চিকিৎসক ছিলেন। তাঁরা অন্যত্র বদলি হয়ে গেলে দীর্ঘদিন হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ ছিল। বর্তমানে একজন চেতনানাশক চিকিৎসককে জরুরি অস্ত্রোপচারের সময় ডেকে আনা (অনকল) হয় যাত্রাবাড়ী থেকে। নাজিরাবাজারের এই হাসপাতাল থেকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের দূরত্ব সর্বোচ্চ দেড় কিলোমিটার। মিটফোর্ড হাসপাতালের চিত্র একেবারে উল্টো। মিটফোর্ডে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে প্রতিদিন গড়ে রোগী ভর্তি হয় ৫০ জনের বেশি। রোগী ভর্তি থাকে প্রায় ১৫০ জনের মতো। অস্ত্রোপচারের মাধ্যমে শিশু জন্ম নেয় ২০ থেকে ৩০টি। অথচ নাজিরাবাজার মাতৃসদনে গত এক মাসে অস্ত্রোপচারের মাধ্যমে শিশু জন্ম নিয়েছে মাত্র আটটি।নাজিরাবাজার মাতৃসদনের প্রধান দায়িত্বে পরামর্শক চিকিৎসক ইসরাত জাহান চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, চেতনানাশক চিকিৎসকের অভাবে রোগীর অস্ত্রোপচারে নানা সমস্যা হয়। বিষয়টি সিটি করপোরেশনে লিখিতভাবে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি।হাসপাতাল সম্পর্কে ঢাকা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এখানে রোগী কীভাবে থাকবে? চার ভাগের এক ভাগ পদে লোক নেই। দীর্ঘদিন ধরে কোনো নিয়োগ নেই, পদোন্নতি নেই। এ অবস্থায় কাজ করাটা কঠিন।’ তিনি জানান, শূন্য পদে নিয়োগের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।একমাত্র রোগী লতিফা বেগমের বাসা বংশালে। অস্ত্রোপচার করে তাঁর একটি সন্তান হয়েছে। ওষুধসহ মোট খরচ পড়েছে সাড়ে তিন হাজার টাকার কিছু বেশি। তিনি বলেন, চিকিৎসকেরা তাঁকে ভালোমতো দেখাশোনা করছেন।