৩১টি মাদ্রাসায় স্নাতক (সম্মান) পড়ার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার প্রথমবারের মতো দেশের ৩১টি ফাজিল ও কামিল মাদ্রাসায় স্নাতক (সম্মান) কোর্স চালু করেছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে মাদ্রাসা শিক্ষায় যুগান্তকারী পরিবর্তনের সূচনা হবে। ইসলামি শিক্ষা উন্নয়নে এটি একটি মাইলফলক বলে তিনি উল্লেখ করেন।শিক্ষামন্ত্রী আজ বৃহস্পতিবার জাতীয় শিক্ষা-ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল ও কামিল মাদ্রাসায় ফাজিল স্নাতক (সম্মান) কোর্স চালুর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে এক হাজার ১১৪টি ফাজিল মাদ্রাসায় এক লাখ ২৯ হাজার ৪২৬ জন এবং ১৯৭টি কামিল মাদ্রাসায় ৫৮ হাজার ৫৩০ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। সরকার প্রথমবারের মতো দেশের ৩১টি ফাজিল ও কামিল মাদ্রাসায় প্রতিটিতে সর্বোচ্চ দুটি করে মোট পাঁচটি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু করছে। এগুলো হচ্ছে—আল-কোরআন ও ইসলামিক স্টাডিজ, আল-হাদিস ও ইসলামিক স্টাডিজ, দাওয়াহ্ ও ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষানীতিতে মাদ্রাসা শিক্ষায় গুরুত্বারোপ করা, ৩০টি মাদ্রাসাকে মডেল মাদ্রাসায় পরিণত করা, ১০০ মাদ্রাসায় কারিগরি ও ভোকেশনাল কোর্স চালু করা, মাদ্রাসার শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা, মাদ্রাসা এমপিওভুক্ত করাসহ বর্তমান সরকারের নানা কাজে মাদ্রাসা ও ইসলামী শিক্ষার প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি ফুটে উঠছে। ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্য এম আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-উপাচার্য মো. কামাল উদ্দিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. নোমান উর রশিদ, নায়েমের মহাপরিচালক শামসুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোজাম্মেল হক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইউসুফ, জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব মাওলানা সাব্বির আহমেদ মোমতাজী প্রমুখ বক্তৃতা করেন।স্নাতক (সম্মান) কোর্স চালু হওয়া ৩১টি মাদ্রাসা: ঢাকা বিভাগের বকশিবাজারের সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, হাজারীবাগের তা’মীরুল মীল¬াত কামিল মাদ্রাসা, গাজীপুরের শ্রীপুরের ভাংগনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসা, ডেমরার দারুন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা, মোহাম্মদপুরের কাদেরীয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা, কিশোরগঞ্জের হজরতনগর এ ইউ কামিল মাদ্রাসা, নেত্রকোনার এন আকন্দ কামিল মাদ্রাসা। সিলেট বিভাগের সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, হজরত শাহ্জালাল দারুচ্ছুন্নাত ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা, জকিগঞ্জের বাদে দেওরাইল ফুলতলী আলিয়া মাদ্রাসা। চট্টগ্রাম বিভাগের পাঁচলাইশের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা, হাটহাজারীর ছিপাতলী জামেয়া গাউসিয়া মুঈনিয়া কামিল মাদ্রাসা, রাঙ্গুনিয়ার আলমশাপাড়া কামিল মাদ্রাসা, রাউজানের কাগতিয়া এরশাতুল উলুম কামিল মাদ্রাসা, পাহাড়তলীর নেছারিয়া কামিল মাদ্রাসা, কোতয়ালর দারুল উলুম কামিল মাদ্রাসা, কক্সবাজারের ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা, কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসা, চাঁদপুরের ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা, চট্টগ্রামের কোতোয়ালি সোবহানিয়া কামিল মাদ্রাসা। খুলনা বিভাগের কুষ্টিয়ার কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা, খুলনা আলিয়া মাদ্রাসা। বরিশাল বিভাগের ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা। রাজশাহী বিভাগের নওগাঁর নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা, পাবনা কামিল মাদ্রাসা, জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, সিরাজগঞ্জের উলাপাড়া কামিল মাদ্রাসা, বোয়ালিয়ার মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা। রংপুর সদরের ধাপসাতগাড়া বায়তুম মোকাররম কামিল মাদ্রাসা এবং পার্বতীপুরের ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা।