৩১তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে প্রথম হয়েছেন এমন সাতজন নারীর সাক্ষাৎকার থাকছে এ আয়োজনে সেরাদের সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফারহানা জাহানসম্মিলিত মেধাতালিকায় প্রথম, প্রশাসন ক্যাডারে প্রথমবয়স তখন পাঁচ পেরিয়েছে। ঢাকার রামপুরায়, বাসার পাশেই স্কুল। এক দৌড়েই স্কুলে আসে ফারহানা জাহান। পরিবারের উপমা। কিন্তু অন্য বন্ধুরা আসে ভ্যানে চড়ে। স্কুল ছুটি হলেও তারা ভ্যানে চড়ে কোথায় যেন চলে যায়। ঠিক বুঝে উঠতে পারে না ছোট্ট ফারহানা। আর তাই কৌতূহলে একদিন অন্যদের সঙ্গে চুপ করে ভ্যানে চেপে বসল মেয়েটি। ভ্যানের সবাইকে নামিয়ে দিয়ে চালক জানতে চাইল ‘তোমার বাসা কই?’ মেয়েটির চটপট উত্তর, ‘স্কুলের পাশেই। আমি সবাই কোথায় যায় তাই দেখতে এসেছিলাম।’ চালক কোনো কথা খুঁজে না পেয়ে তাড়াতাড়ি তাকে বাসার কাছে নিয়ে এলেন। এদিকে ফারহানার বাড়িতে তখন কান্নাকাটি। বাড়িতে পৌঁছানোর পর সবার যে কত রকম প্রশ্ন!ছোটবেলার এমন কৌতূহল এখনো আছে ফারহানার মধ্যে। আর কৌতূহল মেটাতেই দিয়েছিলেন ৩১তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা। তবে সেখানে যে সবাইকে টপকে প্রথম হয়ে যাবেন, এমনটি ভাবনায়ও ছিল না তাঁর। বিসিএসের প্রশাসন ক্যাডারে যোগ দেওয়ার ইচ্ছা ছিল। হয়েছেনও প্রথম। বর্তমানে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত আছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে । ফারহানা জানালেন, ‘আমি সব সময় চাইতাম এমন কাজ যেখানে বৈচিত্র্য থাকে। তাই অনেক ভালো লাগছে এখানে। প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে।’কাজের সঙ্গে ফারহানার চলছে নতুন সংসার গোছানোর কাজও। স্বামী এম তানভির আলম কর্মরত আছেন পুলিশ সুপার হিসেবে। ফারহানার এত ভালো ফলাফলে খুশি হয়েছেন পরিবারের সবাই। ভালো ফলাফল এর আগেও করেছেন ফারহানা বিভিন্ন পরীক্ষায়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে যথাক্রমে ঢাকার মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট এবং হারমান মেইনার কলেজ থেকে পেয়েছেন জিপিএ-৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে বিবিএতে পেয়েছেন সিজিপিএ-৪ এর ভেতরে ৩.৮৪।মা সালমা আক্তারকে দেখে অনুপ্রাণিত হন সব সময় ফারহানা জাহান। মা-মেয়ের বন্ধুতাও বেশ। ‘মা তো আমাকে সারাক্ষণ বলে কিছু একটা কর। এমবিএতে ভর্তি হয়েছি মায়ের জন্যই। এখন ছুটিতে আছি তার পরও মা বলবে “কিছুই তো করিস না। একটা বই এনে দিই। পড়বি।”’ বলতে বলতেই হেসে ওঠেন ফারহানা। সঙ্গে যোগ করলেন, সব মিলিয়ে কৌতূহল আর চ্যালেঞ্জ নিতে হবে জীবনে। তাহলেই মিলবে সাফল্য। বাধা আসবেই। সেটাকে টপকাতে পারলেই উপভোগ করা যাবে সাফল্যের স্বাদ।ধাপে ধাপে ছন্দে ছন্দেছন্দা পালমেধাতালিকায় প্রথম, গণপূর্ত ক্যাডারেনবম কিংবা দশম শ্রেণীর কথা। আত্মীয়স্বজন বাসায় এলেই প্রায় কানাকানি শোনা যেত ‘মেয়ে বড় হচ্ছে, বিয়ে দিয়ে দাও। আর মেয়েকে এত পড়িয়ে কী হবে?’ কিছু আত্মীয়স্বজনের এসব কথায় মা-বাবা পুরোপুরি কান না দিলেও মাঝেমধ্যে দ্বিধায় পড়তেন বেশ। তবে এই চিন্তা যে ভুল ছিল, তা প্রমাণ করলেন খুলনার ছন্দা পাল গেল বছর। ৩১তম বিসিএসে গণপূর্ত (ই/এম) ক্যাডারে সুযোগ পাওয়া ক্যাডারদের মধ্যে প্রথম স্থান লাভ করেন।ছন্দা ধাপে ধাপে নিজের উন্নতি করেছেন। ২০০২ সালে মাধ্যমিকে খুলনার সরকারি করনেশন বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ ৪.৭৫ পেলে তখনই বাবা-মাসহ আত্মীয়স্বজনেরা নড়েচড়ে বসেন। তারপর ছিল শুধু সামনে চলার পালা। উচ্চমাধ্যমিকে খুলনা সরকারি মহিলা কলেজ থেকে জিপিএ-৫ লাভ এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস প্রকৌশলে ভর্তি। আজকের এই অবস্থানে আসার জন্য তাঁর ইচ্ছাশক্তি কতটা প্রখর ছিল তা ধরা দেয় ছন্দা পালের কণ্ঠেই, ‘আমার অদম্য ইচ্ছা আমাকে এই অবস্থানে নিয়ে এসেছে। স্বপ্ন আঙিনাজুড়েই ছিল বড় কিছু হব। নিজে কিছু করে দেখাব।’ একটু থেমে স্মৃতি রোমন্থন করে আবার বলেন, ‘এসএসসির পর থেকে বাবা-মাও সাহায্য করেন। আর তার ফলস্বরূপ উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ পেয়েছি।’বাবা দীপক কুমার পাল ও মা সবিতা রানী পাল। তিন ভাইবোনের মধ্যে ছন্দা বড়। বড় মেয়ের এই সাফল্যে এখন বাবা-মা কতটা খুশি? এমন প্রশ্নে ছন্দা পালের উত্তর—‘আমি যতটা না খুশি, তার থেকে বেশি খুশি বাবা-মা।’ ভালো লাগা আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন ছন্দা পাল। প্রত্যাশা, এই এগিয়ে চলা তখনই থামবে, যখন সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারবেন।ছাত্রানাং অধ্যয়নং তপঃমাফরোজ সুলতানামেধাতালিকায় প্রথম, কর ক্যাডারবাঘিবাড়ি এমএমআর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’ বড় উদাহরণ ছিলেন মাফরোজ সুলতানা ইমা। টিফিন পিরিয়ডে খেলার মাঠে, কমন রুমের আড্ডায় কিংবা শ্রেণীকক্ষে সাপলুডু খেলাতেও পাওয়া যেত না তাঁকে। বই-ই তাঁর একমাত্র সঙ্গী, তাই বান্ধবীরা আড্ডা দিতে বসলেই বই নিয়ে চলে যেতেন ক্লাসরুমের এক কোণে। বান্ধবীরা তাঁকে বলতেন, ‘জীবনে বইয়ের থেকে বেশি কাউকেই ভালোবাসতে পারবি না। তোর জীবনটা বইয়ের মধ্যেই শেষ হয়ে যাবে রে!’ হ্যাঁ, বইকে সঙ্গী করে যে সাফল্য আজ ছুঁয়েছেন তিনি, তা ঈর্ষণীয়। তাঁর কাছ থেকে আরও জানা গেল তাঁর এই সাফল্যের ভিত কোথায় রচিত হয়েছিল। পঞ্চম ও অষ্টম শ্রেণী দুটোতেই পেয়েছিলেন বৃত্তি। আর সেই থেকে তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।২০০০ সালে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে অর্জন করেন তারকা নম্বর। একই ধারাবাহিকতায় উচ্চমাধ্যমিকেও স্টার মার্কস। এরপর শুধুই এগিয়ে যাওয়ার পালা। ভর্তিযুদ্ধে জয়ী হয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর চূড়ান্ত সাফল্য আসে গেল বছর। ৩১তম বিসিএসে কর ক্যাডারের মেধাতালিকায় হয়েছেন প্রথম।সাফল্যের এই ধারাবাহিকতা কি শুধু পড়াশোনার কারণে? উত্তরে মাফরোজ জানান প্রত্যয় আর স্বপ্নের গল্প। ‘আমি প্রত্যয়ী না হলে এত দূর আসতে পারতাম না। বড় হওয়ার স্বপ্ন আমাকে সব সময় তাড়িত করেছে। এই স্বপ্নের পেছনে আছেন একজন মানুষ। তিনি আমার বাবা।’ একটু থেমে আবার শুরু করেন তিনি, ‘বাবা ছোটবেলা থেকে সব সময় বলতেন, তোমাকে অনেক বড় হতে হবে। অনেক পড়তে হবে, জানতে হবে, যা তোমাকে অনেক ওপরে নিয়ে যাবে।’দরকার নিজেকে জাগিয়ে তোলারসায়মা বিনতে হুসাইনমেধাতালিকায় প্রথম, রেলওয়ে প্রকৌশল ক্যাডার ছোটবেলা থেকেই চুপচাপ মেয়েটি। তবে তাঁর সখ্য বইয়ের সঙ্গে। এই মেয়েটি কখনো ভাবেন সাংবাদিক হবেন, কখনো ভাবেন ভাইয়ের মতো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়বেন। সিরাজগঞ্জের এই মেয়েটির নাম সায়মা বিনতে হুসাইন। পড়াশোনা শেষ করে ৩১তম বিসিএসে রেলওয়ে ও প্রকৌশল ক্যাডারে হয়েছেন প্রথম। বর্তমানে সহকারি নির্বাহী প্রকৌশলী(সিভিল) হিসেবে চাকরিতে যোগ দিয়ে চট্টগ্রামে আছেন প্রশিক্ষণে। ১১ জন ভাইবোনের সংসারে সায়মা দশম। স্কুলের সময়টা কেটেছে ঢাকায়। বাড্ডা হাইস্কুল থেকে এসএসসি পাসের পর ফিরে যান নিজের জন্মস্থান সিরাজগঞ্জে। ভর্তি হন হাজি কোরাপ আলী মেমোরিয়াল কলেজে। ২০০৩ সালে এইচএসসি পাসের পর উচ্চশিক্ষা নিতে বুয়েটে ভর্তি হন পুরকৌশল বিভাগে। বাবা আবুল হোসেন ছিলেন সরকারি চাকরিজীবী আর মা আয়েশা সিদ্দীকা গৃহিণী। সায়মা বলেন, ‘অনেকে ভাবে, মেয়েরা কি আর প্রকৌশলী হয়ে কাজ করতে পারবে? তবে দিন পাল্টে গেছে। আমাদের দেশের মেয়েরা তো এখন এভারেস্টে যাচ্ছে। তাই মেয়ে বলে আলাদা করে দেখার দিন শেষ।’ বই পড়া ছাড়াও ভালোবাসেন ভ্রমণ করতে। মেধা আর শ্রম দিয়ে কাজ করতে চান দেশের জন্য। নিজেকে একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে চান সায়মা। নিজেকে জাগিয়ে তুলতে পারলেই যেকোনো বাধা পেছনে ফেলে সহজেই এগিয়ে আসা যায় বলে মনে করেন সায়মা।দেশের যোগাযোগব্যবস্থা আরও উন্নত করতে চাইসাইকা শারকিয়ামেধাতালিকায় প্রথম, সড়ক ও জনপথ ক্যাডারসাইকা শারকিয়া। ৩১তম বিসিএসে সড়ক ও জনপথে ক্যাডারে প্রথম হয়েছেন। সহকারী প্রকৌশলী (পুরকৌশল) হিসেবে চাকরিতে যোগদানের পর থেকেই দম ফেল বার ফুরসত পাচ্ছেন না কাজের চাপে। তবে কাজটাকে তিনি উপভোগ করছেন। কথা বল বার শুরুতেই আরও জানালেন, ‘অনেকে বলেন, সরকারি অফিসে আবার কাজ কিসের। তবে নিজের কাজের জায়গাটা মনে করলেই কেবল বোঝা যায়, এখানে কত কাজ। আর এখানে ফাঁকি দেওয়া মানে তো নিজের দেশের সঙ্গেই ফাঁকি দেওয়া।’কথা বলতে বলতেই জানা গেল ঢাকায় জন্ম হলেও ছোটবেলাটা কেটেছে কুষ্টিয়ায়। ২০০২ সালে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং ২০০৪ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাসের পর ভর্তি হন বুয়েটে। পড়েছেন পুরকৌশল বিষয়ে। স্কুলে পড়ার সময় থেকেই ভালো শিক্ষার্থীর তকমা লেগেছিল গায়ে। সাইকা জানালেন, ‘পড়তাম আমি। তবে খুব না। আর খুব পড়ার কথা যদি বলি তো সেটা পড়তাম গল্পের বই। তিন গোয়েন্দা সিরিজের নতুন বই পেলে তো আর রক্ষা নেই।’ বাবা আমিনুল হক আর মা সখিনা খাতুনের পরিবারে দুই বোনের মধ্যে বড় সাইকা। বুয়েট থেকে পাস করার পর যোগ দেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে। এরপর বিসিএস দেবেন বলে মনস্থির করেন। কিন্তু একা একা পড়তে তাঁর মন বসে না। কারণ, বুয়েটে থাকতে গ্রুপ স্টাডি করতেন। আর তাই বন্ধু নিশাকে ধন্যবাদ জানাতে ভোলেননি সাইকা। কারণ, এই বন্ধুই নাকি তাঁকে পড়ার জন্য তাগাদা দিতেন সব সময়। সরকারি চাকরিতে যোগ দেওয়ার পর দেশের প্রতি নিজের দায়িত্ব বেড়ে গেছে বলে মনে করেন সাইকা শারকিয়া। জানালেন, নিজের অবস্থান থেকে যতটা সম্ভব দেশকে সুন্দর করতে কাজ করব।’ভালো কিছুর প্রত্যাশাহিয়া পালমেধাতালিকায় প্রথম, নিরীক্ষা ও হিসাব ক্যাডারঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে কলাভবন—এটুকুই তাঁর গণ্ডি। কারণ, বাবা বলেছেন, পড়াশোনায় একটুও ছাড় দেওয়া চলবে না। চট্টগ্রামের মেয়ে হিয়া পালের কণ্ঠে এমন কথা শুনেই বোঝা যায় কতটা একাগ্র ছিলেন পড়াশোনায়। আর এর ফলও পেয়েছেন ঠিকঠাকমতো। ৩১তম বিসিএস পরীক্ষায় নিরীক্ষা ও হিসাব ক্যাডারে হয়েছেন প্রথম।এ তো গেল চূড়ান্ত সফলতার কথা। হিয়া পাল বলেন, ‘বাবা কখনোই চাইতেন না সময় নষ্ট করি। আর সব সময় স্বপ্ন দেখাতেন বড় বড়। ফলে নিজের অজান্তেই একটা স্বপ্ন দানা বেঁধেছিল নিজের মনে—বড় কিছু হতেই হবে।’চট্টগ্রামের ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। এরপর নিজের গন্তব্য হিসেবে বেছে নেন ঢাকা বিশ্ববিদ্যালয়। ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৫তম স্থান লাভ করে ভর্তি হন অর্থনীতি বিভাগে। পড়ুয়া হিয়া বিশ্ববিদ্যালয়ের হলের বিভিন্ন আয়োজনে গান গাইতেন। যদিও এখন সময়ের অভাবে আর গান গাওয়া হয় না। বিসিএসের আগে আরও তিনটি চাকরি করেছেন। প্রথমে একটি গবেষণা প্রতিষ্ঠানে এর পর দুটি ব্যাংকে। এসব চাকরিতে যেন মানসিক শান্তি পাচ্ছিলেন না। বুঝতে পারেন আসল গন্তব্য বিসিএসই। যদিও এই গন্তব্যে পৌঁছাতে কাঠখড়ও পোড়াতে হয়েছে অনেক। সারা দিন কাজে শেষ রাত জেগে পড়াশোনা, তারপর আবার অফিস। তবে এখন প্রত্যাশা—ভালো কিছুই হবে।নিজেকে এগিয়ে নিতে চান নুসরাত জাহান মেধাতালিকায় প্রথম, অর্থনীতি ক্যাডারচাকরি করতে চান বলেই বিসিএস পরীক্ষা দেন। তবে জীবনের অন্য দশটা পরীক্ষার মতোই পড়েছেন সাধারণভাবে। তার ওপরে স্বামী আর সংসার সামলেই পড়াশোনা করা। তবে ফলাফলে যে নিজেই চমকে যাবেন, এমনটি ভাবেননি নুসরাত জাহান। ৩১তম বিসিএসে অর্থনীতি ক্যাডারে হয়েছেন প্রথম। জানালেন, ‘পরীক্ষা শেষে মনে হয়েছিল চাকরি হবে। তাই বলে যে একদম প্রথম হয়ে যাব, এমন ধারণা ছিল না। ফলাফল দেখে খুশি হয়েছেন পরিবারের সবাই। নিজেরও খুব ভালো লাগছে।’ নুসরাতের বাবা ও মা দুজনে দুই পরিবারের বড় সন্তান ছিলেন। আর তাই বাড়িতে ছিল প্রচুর অত্মীয়স্বজনের আনাগোনা। ছোটবেলাটা তাই নুসরাতের কেটেছে অনেক আদরে আর আড্ডায়। ছোটবেলা থেকেই গল্পের বই পড়েছেন পোকার মতো। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাসের পর সোজা ভর্তি হন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। পড়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে। পড়ালেখা শেষ হতে না হতেই বসে যান বিয়ের পিঁড়িতে। স্বামী সাখাওয়াত হোসাইন চাকরি করছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে। নুসরাতেরও ছোটবেলা থেকে ইচ্ছা ছিল প্রকৌশলী হওয়ার। ইচ্ছার পালে হাওয়া দিয়েছেন পরিবারের অন্যরাও। তবে চাকরিতে সব সময় ইচ্ছা ছিল সরকারি চাকরি করার। আর পরিবারে তত দিনে তিনি স্ত্রী ছাড়াও মা হিসেবে আবির্ভূত হয়েছেন। প্রথম সন্তান নিয়েই বিসিএসের প্রস্তুতি নিয়েছেন। তার পরও সফল হয়েছেন। এখন তো রীতিমতো ব্যস্ত সময় পার করছেন চাকরিতে। নুসরাত জানালেন, সংসার সামলে চাকরি করতে দরকার পরিবারের পূর্ণ সমর্থন। লিখেছেন হাসান ইমাম ও রাকিব মোজাহিদ