৩১তম বিসিএসের আবেদনপত্র জমার শেষ দিন কাল
৩১তম বিসিএসের আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন কাল সোমবার। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, আজ রোববার আবেদনপত্র জমা দিতে দীর্ঘ লাইন পড়ে যায়। আজ ৩২ হাজার আবেদনপত্র জমা পড়েছে। কাল শেষদিনে ৫০ হাজারেরও বেশি আবেদনপত্র জমা পড়তে পারে বলে ধারণা করছে পিএসসি।৩১তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনের বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১০৮টি পদে নিয়োগ দেওয়া হবে। ২৬ জানুয়ারি এ প্রজ্ঞাপন জারি করা হয়। শুরুর দিকে আবেদন জমা দেওয়ার লাইনে প্রার্থী কম থাকলেও শেষ সপ্তাহে এসে দীর্ঘ লাইন পড়ে যায়। আজ রোববার আঁগারগাওয়ের পিএসসির নবনির্মিত ভবনের সামনে প্রার্থীদের দীর্ঘ লাইন ছিল।পিএসসির তথ্য কর্মকর্তা মোশাররফ হোসেন প্রথম আলোকে জানান, আজ ৩২ হাজার আবেদনপত্র জমা পড়েছে। কাল বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। তবে এর পরও যদি লাইনে প্রার্থী থাকেন, তবে তাঁদের ফরম জমা নেওয়া হবে। এক দিনে ৫০ হাজার ফরম জমা নেওয়ার মতো প্রস্তুতি পিএসসির আছে বলেও তিনি জানান।