৩১তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষা ২ অক্টোবর থেকে
৩১তম বিসিএস পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে আগামী ২ অক্টোবর। চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোমতাজ উদ্দিন ভুঞাঁ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষার সময়সূচির বিষয়টি প্রার্থীদের নামে পর্যায়ক্রমে ডাকযোগে পাঠানো হয়েছে। কেউ চিঠি না পেলে তিনি স্বাস্থ্য পরীক্ষার নির্ধারিত তারিখের তিন দিন আগে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর থেকে দ্বি-নকল সংগ্রহ করতে পারবেন। স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রত্যেক প্রার্থীকে সরকারি কর্মকমিশন (পিএসসি) থেকে দেওয়া ছবিসহ প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। গত ৮ জুলাই ৩১তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৭২ জনকে নিয়োগের প্রাথমিক সুপারিশ করেছে পিএসসি।