৩১০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক একজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১০ জন শিক্ষার্থীর পাঠদানের জন্য শিক্ষক আছেন মাত্র একজন। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, আমতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকার গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ তিনজন শিক্ষক কর্মরত আছেন। কিন্তু প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান গত জানুয়ারি মাসে অবসরে চলে যান। এরপর এই বিদ্যালয়ে এখন পর্যন্ত নতুন প্রধান শিক্ষক যোগদান করেননি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারেফ হোসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু গত জুন মাসে বিদ্যালয়ের অপর সহকারী শিক্ষক সালমা মণি এক বছরের জন্য পিটিআই প্রশিক্ষণে যাওয়ার পর বিদ্যালয়ে বর্তমানে একজন শিক্ষক রয়েছেন। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মনিরা আকতার বলে, ‘শিক্ষক নেই বলে দৈনিক দুই-তিনটি ক্লাস কোনো রকম হয়।’ শিক্ষার্থী মামুন বলে, ‘স্যারের যেদিন অফিসে কাম থাকে হেইদিন আমাগো কোনো ক্লাস অয় না। আর তো কোনো স্যার নাই যে আমাগো ক্লাস নেবে।’ স্থানীয় অভিভাবক ছাদেম আলী বলেন, ‘এতোগুলা পোলাপানের ল্যাহাপড়া এহন বন্ধ অওনের জোগাড়। মোগো গ্রামের ধারে-কাছে কোনো স্কুলও নাই যে পোলাপানগুলারে সেইখানে ভর্তি করমু। এইগুলা কি দ্যাহার (দেখার) কেউ নাই।’ প্রায় একই ধরনের কথা বলেন স্থানীয় অভিভাবক ফারুক হোসেন ও নান্না বয়াতিসহ কয়েকজন।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল হোসেন বলেন, ‘আমরা বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে অবহিত করে শিক্ষক-সংকট নিরসনে পদক্ষেপ নিতে অনুরোধ করেছি। কিন্তু কোনো ফল পাইনি। গাবতলী এলাকা পশ্চাৎপদ ও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। তাই এখানে শিশুরা স্কুলে আসতে চায় না। এখন শিক্ষক-সংকটের কারণে ঠিক মতো পাঠদান করাতে না পারলে এই এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা বাড়বে।’ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারেফ হোসেন বলেন, ‘সবই বোঝেন, একজন মানুষের পক্ষে ৩০০-৩৫০ শিক্ষর্থীর পাঠদান, তাঁদের নিয়ন্ত্রণ কতটা অসাধ্য কাজ। তারপর বিদ্যালয়ের প্রশাসনিক কাজে আমতলী উপজেলা সদরে যেতে হয়। তখন তো বাধ্য হয়ে শিক্ষার্থীদের ক্লাস নিতে পারি না। সবকিছু মিলিয়ে একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে গেছি আমি।’ এ ব্যাপারে আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরজাহান বেগম ৮ জুলাই প্রথম আলোকে বলেন, ‘আমি সম্প্রতি এ উপজেলায় বদলি হয়ে আসার পর বিষয়টি শুনেছি। এখন দ্রুত একজন শিক্ষক ওই বিদ্যালয়ে ডেপুটেশনে দেওয়ার চেষ্টা করছি।’