৩১৫ জনের উপসচিব পদে পদোন্নতি
জনপ্রশাসনে ৩১৫ জন জ্যেষ্ঠ সহকারী সচিব বা সমমর্যদার কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বুধবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে ২৯৮ জনের পদোন্নতিসংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়। বাকি ১৭ জন লিয়েন, শিক্ষাছুটিতে থাকায় তাঁদের বিষয়ে আদেশ জারি হয়নি। বর্তমান সরকারের আমলে উপসচিব পদে এটিই বড় ধরনের পদোন্নতি। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ২৭৭ জনের পদোন্নতি দেওয়া হয়েছিল। সে সময়ের বঞ্চিত বেশির ভাগই এবার পদোন্নতি পেয়েছেন। এবারের পদোন্নতির ক্ষেত্রে উল্লেখযোগ্য বঞ্চনার ঘটনা ঘটেনি। তবে ক্ষেত্রবিশেষে সরকারের বিপক্ষ মতের চিহ্নিত করে কয়েকজন মেধাবী কর্মকর্তাকে যোগ্যতা থাকার পরেও পদোন্নতি দেওয়া হয়নি। এবারের পদোন্নতির আরেকটি ভালো দিক হচ্ছে, এই প্রথমবারের মতো প্রশাসনের বাইরের অন্যান্য ক্যাডার থেকে ২৫ শতাংশেরও বেশি পদোন্নতি দেওয়ার ঘটনা। এর আগে কখনোই এই কোটা পূরণ করা হতো না বলে অন্যান্য ক্যাডার কর্মকর্তার মধ্যে সব সময়ই ক্ষোভ ছিল। নিয়ম অনুযায়ী প্রশাসন ক্যাডার থেকে ১০০ জনের পদোন্নতি দেওয়া হলে অন্যান্য ক্যাডারের শতকরা ২৫ শতাংশ দিতে হবে। কিন্তু এবার প্রথম এ পদ দেওয়া হয়েছে ২৬ দশমিক ৭১ ভাগ।এবারের পদোন্নতির তালিকায় ১৯৮১ ব্যাচের একজন কর্মকর্তা উপসচিব হয়েছেন। এই ব্যাচের কর্মকর্তারা এখন সচিব থেকে অবসরে যাওয়া শুরু করেছেন। ১৯৮২ (বিশেষ) ব্যাচের যোগ্য ১৪ জনের মধ্যে ছয়জন, ৮৫ ব্যাচের ৩৪ জনের মধ্যে ১০ জন, ৮৬ ব্যাচের নয়জনের মধ্যে দুজন, নবম ব্যাচের ১৪ জনের মধ্যে আটজন, দশম ব্যাচের ৪৮ জনের মধ্যে ৩৫ জন, ১১তম ব্যাচের ১৯৩ জনের মধ্যে ১৫৭ জন এবং ১৩তম ব্যাচের ২৭ জনের মধ্যে ২৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। বাকি ৯৭ জনের যোগ্যতা থাকার পরও রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি দেওয়া হয়নি। তবে সংস্থাপন মন্ত্রণালয়ের একজন পদস্থ কর্মকর্তা দাবি করেছেন, এসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকায় নিয়ম অনুযায়ী পদোন্নতি দেওয়া হয়নি।