৩২ কোটি হাত দিয়ে পদ্মা সেতু করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘পদ্মা সেতু আমরাই করব। কারও দিকে আমাদের তাকানোর দরকার নেই। আমাদের আর কিছু না থাকলেও ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত রয়েছে।’ খবর বাসসের।আজ মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘যুদ্ধাপরাধীদের বিচার জনতার প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিশ্বব্যাংকের সব কথা শুনেই কাজ করতে হবে, বিষয়টি এমন নয়। সরকারকে এ ব্যাপারে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে।আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত আরও বলেন, পদ্মা সেতু নির্মাণের বিষয়টি ঝুলিয়ে না রেখে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমেই আমাদের এগিয়ে যেতে হবে। বিশ্বব্যাংক, মালয়েশিয়ার অর্থায়নের দিকে না তাকিয়ে পদ্মা সেতু নির্মাণের কাজ নিজ উদ্যোগে এগিয়ে নিতে হবে।আলোচনাসভায় বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক রহুল আমিন প্রমুখ।