৩২ ঘণ্টা পর চালু হলো ফেরি
দীর্ঘ সময় বন্ধ থাকার পর আজ বুধবার বিকেল চারটার দিকে চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাটের কাছে বলগেটের ধাক্কায় (মাটি বা বালুবাহী নৌযান) পন্টুন ক্ষতিগ্রস্ত হওয়ায় গতকাল মঙ্গলবার সকাল থেকে ৩২ ঘণ্টা ওই পথে ফেরি চলাচল বন্ধ ছিল। ওই সময় দুই পাড়ে আটকা পড়ে তিন শতাধিক মালবাহী ট্রাক ও বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন।চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাটের ব্যবস্থাপক এমরান হোসেন জানান, গতকাল সকালে বলগেটের ধাক্কায় ফেরিঘাটের পন্টুনের একাংশ ছিদ্র হয়ে যায়। এটি মেরামত করা ছাড়া ফেরি চলাচল সম্ভব ছিল না। মেরামত শেষে বিকেল চারটার দিকে শরীয়তপুর থেকে একটি ফেরি চাঁদপুর ফেরিঘাটে গিয়ে পৌঁছায়। এরপর চাঁদপুর থেকে শরীয়তপুরের উদ্দেশে আরেকটি ফেরি ছেড়ে যায়। ফেরি চলাচল বন্ধ থাকা অবস্থায় যাত্রীরা বিভিন্ন নৌকা ও ট্রলারে করে মেঘনা নদী দিয়ে চাঁদপুর থেকে শরীয়তপুর যাতায়াত করেন। চট্টগ্রাম থেকে আসা একটি ট্রাকের চালক আবু তালেব বেলা দুইটার দিকে জানান, প্রায় তিন দিন ধরে তাঁরা চাঁদপুর ফেরিঘাটে ফেরির জন্য অপেক্ষায় রয়েছেন। তাঁর মতো শতাধিক ট্রাকচালক মালামাল নিয়ে ঘাটে ফেরির অপেক্ষায় রয়েছেন।গতকাল সকাল সাড়ে আটটায় ঘন কুয়াশার কারণে হরিণা ফেরিঘাটের পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে মাটিবাহী একটি বলগেট ডুবে যায়। এতে পাঁচজনের মৃত্যু হয়। নিখোঁজ রয়েছেন একজন।