৩২ হাজারের জন্য শয্যা ৬৪০টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি আযিযুল হক কলেজে প্রায় ৩২ হাজার শিক্ষার্থী লেখাপড়া করে। অথচ এই বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র পাঁচটি ছাত্রাবাস। এর মধ্যে চারটি ছাত্রদের ও একটি ছাত্রীদের। ছাত্রদের জন্য শেরেবাংলা ছাত্রাবাসে ৪০ শয্যা, শহীদ আকতার আলী মুন ছাত্রাবাসে ১২০ শয্যা, শহীদ তিতুমীর হলে ৮০ শয্যা ও রোকেয়া হলে ৩০০ শয্যা রয়েছে। কিন্তু এগুলোতে থাকে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ শিক্ষার্থী। আযিযুল হক কলেজের পুরোনো ভবনের ছাত্রাবাসে শয্যাসংখ্যা ১০০।সরেজমিনে এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব ছাত্রাবাস নিয়ন্ত্রণ করে থাকে সরকারি দলের ছাত্র সংগঠনের নেতারা। যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন সেই দলের ছাত্র সংগঠনের নেতারা এসব ছাত্রাবাস দখল করে তাদের সমর্থিত ছাত্রদের সেখানে ঢুকিয়ে দেয়। শুধু তা-ই নয়, বহিরাগত সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে থাকে তারা। এসব ছাত্রাবাসে পড়াশোনার কোনো পরিবেশ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্র জানান, সাধারণ ছাত্ররা এসব ছাত্রাবাসে থাকতে পারে না। নেতাদের কথামতো যারা চলতে পারে তারাই এখানে থাকতে পারে। এখানে না আছে লেখাপড়ার পরিবেশ, না আছে খাওয়ার নিয়মনীতি। গাদাগাদি করে আসনের দ্বিগুণ শিক্ষার্থী রাখা হয়। মিছিল-মিটিং হলেই ডাক পড়ে, সেগুলোতে যোগ দিতে। যে কারণে অধিকাংশ ছাত্র বাইরের মেসগুলোতে থাকছে।কলেজের এই ছাত্রাবাসগুলোতে পড়াশোনার পরিবেশ নেই বললেই চলে। বিশেষ করে মহিলাদের ছাত্রাবাস ‘রোকেয়া হলের’ অবস্থা খুবই করুণ। ছেলেদের ছাত্রাবাসগুলোতে দুই মাস ধরে ছাত্ররা নেই। ছাত্ররা জানায়, তাদের ছাত্রাবাসে খাবার সমস্যা, পানির সংকট এবং লেখাপড়ার পরিবেশ না থাকায় অনেকে জায়গা পাওয়ার পরও ছেড়ে দিয়েছে। এসব হলে রাজনৈতিক চাপ বেশি সহ্য করতে হয়। অনেক সময় চাঁদাও দিতে হয়। গত জানুয়ারি মাসে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রাবাস ও কলেজ বন্ধ হয়ে যায়। পরে কলেজ খুললেও ছাত্রাবাস খুলে দেওয়া হয়নি। ছাত্রাবাসে থাকার জন্য নতুন করে আবেদন জানানো হয়েছে। গত মাসের ১৫ তারিখ পর্যন্ত আবেদন করার শেষ সময় বেঁধে দেওয়া হলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বলেন, এত বড় একটি কলেজে অন্তত দুই থেকে তিন হাজার সিটের ছাত্রাবাস থাকা প্রয়োজন। কলেজের ছাত্রাবাসে বর্তমানে কোনো ছাত্র নেই। বৈধ ছাত্রদের হলে তুলতে নতুন করে আবেদন নেওয়া হয়েছে। এই কলেজকে ঘিরে কলেজের আশপাশে জহুরুলনগর, সেউজগাড়ি, চকসুত্রাপুর, চারমাথা, পুরান বগুড়া, জামিলনগর, পালশায় মেস-ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। কোনো নিয়মনীতি না মেনেই একের পর এক এসব মেস নির্মাণ করে ছাত্রদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া শহরের বিভিন্ন এলাকায় তিন শতাধিক মেস রয়েছে। এর মধ্যে মেয়েদের মেস রয়েছে শতাধিক। সমাজবিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্রী নাদিরা বেগম জানান, এক একটি মহিলা মেসে ২০ থেকে ২৫ জন ছাত্রী থাকে। এসবের সিট-ভাড়া ৮০০ থেকে হাজার টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানান, মেস-মালিকেরা মাঝেমধ্যে অমানবিক আচরণ করেন। আর কয়েক মাস যেতে না যেতেই কোনো অজুহাত ছাড়াই ভাড়া বাড়িয়ে দেন।সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ছালামত উল্লাহ বলেন, কলেজ ছাত্রাবাসগুলোতে সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কলেজের শিক্ষার্থীরা বাইরে নানা কষ্টের মধ্যে থেকে লেখাপড়া করছে। বড় আকারের একটি আবাসন গড়ে তোলার প্রস্তাব অচিরেই ঊর্ধ্বতন মহলে পাঠানো হবে।