৩২তম বিসিএস পরীক্ষায় ১২২ জনের প্রার্থিতা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবেদনপত্রে গুরুতর অসংলগ্নতা বা অসম্পূর্ণতা পাওয়ায় ৩২তম বিশেষ বিসিএস পরীক্ষায় ১২২ জনের প্রার্থিতা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।আজ সোমবার কমিশনের এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনপত্র, কাগজপত্র ও নথিতে ‘গুরুতর’ অসংলগ্নতা বা অসম্পূর্ণতা থাকায় এসব আবেদন বাতিল করা হয়েছে।পিএসসি জানিয়েছে, আগামী ১১ জুন বিসিএস লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন না। একই সঙ্গে তাঁদের পরীক্ষাকেন্দ্রে যেতেও নিষেধ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী প্রার্থীর বাবা/দাদা/নানার মুক্তিযোদ্ধা সনদ জমা না দেওয়ায় ৬৬ জনের, স্নাতক ডিগ্রি পাস কোর্স ও মাস্টার্সে প্রথম শ্রেণী না থাকায় তিনজনের, শিক্ষাগত যোগ্যতা না থাকায় ছয়জনের, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের পর স্নাতক (সম্মান) পরীক্ষা শেষ হওয়ায় এবং বাবা/দাদা/নানার মুক্তিযোদ্ধা সনদ জমা না দেওয়ায় সাতজনের প্রার্থিতা বাতিল করা হয়।এ ছাড়া নন-ক্যাডার পদের আবেদনপত্র ক্রয় রসিদ দাখিল করায় একজনের, যাচিত কোটার পদ না থাকায় ৩১ জনের, জন্মতারিখ ভুলের কারণে দুজনের, বয়স বেশি হওয়ায় পাঁচজনের এবং আবেদনপত্রে স্বাক্ষর না করায় একজনের আবেদন বাতিল করেছে পিএসসি।পিএসসির তথ্য অনুযায়ী, এই বিসিএসের মাধ্যমে এক হাজার ৪৮৯টি শূন্য পদে লোক নিয়োগ করা হবে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় এক হাজার ১৫৮ জন, নারীকোটায় ১৩০ জন এবং উপজাতি কোটায় ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।