৩২তম বিসিএস: ১৬৮০ জনকে নিয়োগের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার এই ফল প্রকাশ করা হয়। এতে দুই হাজার ৫৯২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে এক হাজার ৬৮০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়ার জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, কমিশনের ওয়েবসাইটেও চূড়ান্ত ফল পাওয়া যাচ্ছে।উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে পুরুষ ৭৫৭ ও নারী ৯২৩ জন। যাঁদের কোনো পদে সুপারিশ করা যায়নি, তাঁদের ‘পদ খালি থাকা সাপেক্ষে’ বিভিন্ন নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া যেতে পারে বলে পিএসসি সুপারিশ করেছে। এ ছাড়া যোগ্য প্রার্থী না থাকায় প্রাধিকার কোটায় এক হাজার ১২৫টি পদ পূরণ করা যায়নি। নিয়োগ পাওয়া প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পেয়েছেন ৫৩৬ জন। এ ছাড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে ১০৪ জন নিয়োগ পেয়েছেন। বাকিরা বিভিন্ন পদে নিয়োগ পেয়েছেন। এক হাজার ৪৮৯টি শূন্যপদে লোক নিয়োগ দিতে ২০১১ সালের ১৯ অক্টোবর ৩২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। মোট ২৬ হাজার ৪৩৭ জন প্রার্থী আবেদন করেন। গত বছরের ৯ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ২৪ হাজার ৫৬২ জন অংশ নিয়ে ১০ হাজার ৮০৮ জন উত্তীর্ণ হন। ১১ থেকে ১৯ জুন বিশেষ বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হন দুই হাজার ৭৮৮ জন প্রার্থী। ৩০ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ হাজার ৬৭৫ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। ফলাফল দেখতে এখানে ক্লিক করুন