৩৩ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় ৩১ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাট রাজ্যে ২০০২ সালের ভয়াবহ দাঙ্গার সময় সরদারপুরা গ্রামে ৩৩ জন মুসলমানকে পুড়িয়ে হত্যার দায়ে হিন্দুসম্প্রদায়ের ৩১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুই বছর ধরে শুনানির পর গতকাল বুধবার গুজরাটের একটি আদালতের বিচারক এস সি শ্রীবাস্তব এই রায় দেন। ৭৩ জন আসামির বাকি ৪২ জনকে খালাস দেওয়া হয়েছে। গুজরাটে দাঙ্গার ঘটনায় করা মামলাগুলোতে এই প্রথম কোনো রায় হলো। খবর এএফপি ও বিবিসি অনলাইনের। খালাস দেওয়া ৪২ জনের মধ্যে ১১ জনের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। বাকি ৩১ জনের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। তবে এই ৪২ জনকে ২৫ হাজার রুপি করে মুচলেকা দিতে হবে এবং তাঁরা আপাতত দেশত্যাগ করতে পারবেন না।২০০২ সালে দাঙ্গা চলাকালে ২৮ ফেব্রুয়ারি সরদারপুরা গ্রামের নারী-শিশুসহ মুসলিম সম্প্রদায়ের ৩৩ জন স্থানীয় ইব্রাহিম শেখের ঘরে আশ্রয় নেয়। উগ্রবাদী কিছু লোক ওই ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে আগুনে পুড়ে ৩৩ জন মুসলমান ব্যক্তির মৃত্যু হয়। আদালতে ৩১ আসামির বিরুদ্ধে হত্যা, হত্যার চেষ্টা, অগ্নিসংযোগ, দাঙ্গা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি অযোধ্যা থেকে ফেরার সময় একটি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬০ জন হিন্দু করসেবক মারা যায়। ট্রেনে আগুন লাগানোর জন্য মুসলমানদের দায়ী করে কিছু উগ্রবাদী হিন্দু তিন দিন ধ্বংসযজ্ঞ চালায় মুসলমান ও তাদের ঘরবাড়িতে। এতে পুরো রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। ওই দাঙ্গায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই মুসলিম। সাম্প্রতিক সময়ে এটিই ছিল ভারতে সবচেয়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা।সরদারপুরা গ্রামের ৩৩ জন মুসলমানকে পুড়িয়ে হত্যার ঘটনার বিচার করতে ওই গ্রামের কাছেই বসে বিশেষ আদালত। বিচারক এস সি শ্রীবাস্তব বলেন, অভিযুক্ত ৭৩ জনের মধ্যে ৩১ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ৪২ জনকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন। গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি উগ্রবাদী হিন্দুদের মদদ দিয়েছেন বলে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে আসছিল। মোদি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেও কখনোই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেননি।দাঙ্গার ঘটনায় আরও দুটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। মামলার সরকারি কৌঁসুলি এস সি শাহ সাংবাদিকদের বলেন, মামলার চূড়ান্ত রায়ে আদালত ৩১ আসামিকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। এ ছাড়া অন্যান্য ধারায় আলাদা শাস্তি দিয়েছেন। নিহতদের পরিবারকে ২৫ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আইনজীবী এসসি শাহ দোষীদের মৃত্যুদণ্ডাদেশ চেয়েছিলেন। তবে আদালত তা মঞ্জুর করেননি। সরদারপুরা গ্রামে ৩৩ জনকে পুড়িয়ে হত্যার ঘটনার প্রাথমিক তদন্ত করেছিল গুজরাট পুলিশ। তবে ২০০৩ সালে সরদারপুরাসহ দাঙ্গাবিষয়ক নয়টি মামলার ঘটনায় বিশেষ তদন্ত দল গঠন করে ভারতের সর্বোচ্চ আদালত এবং তদন্ত প্রক্রিয়ার ওপর কঠোর নজরদারি করা হয়। গুজরাট দাঙ্গার বিষয়ে আইনি লড়াই পরিচালনাকারী ও জনমত সৃষ্টিতে কাজ করা স্বেচ্ছাসেবী তিস্তা শীতলওয়ার বলেন, স্বাধীন ভারতে ধর্মীয় দাঙ্গায় এটাই সর্বোচ্চ সাজা দেওয়ার ঘটনা। যাদের সাজা হয়েছে তারা খুবই প্রভাবশালী। তাদের সাজা দেওয়ার ফলে একটি কড়া বার্তাও যাবে।