মানবতাবিরোধী অপরাধের বিচার: জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের সাক্ষী
৩৩ জনকে হত্যার ঘটনায় মোবারকের সম্পৃক্ততা ছিল
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার মোগড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী মো. আলী আকবর। জবানবন্দিতে তিনি একাত্তরের ২২ আগস্ট ৩৩ জন গ্রামবাসীর হত্যার ঘটনায় মোবারক হোসেনের সম্পৃক্ততা ছিল বলে উল্লেখ করেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আলী আকবরের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। এ সময় মোবারক আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।আলী আকবর (৬৫) জবানবন্দিতে বলেন, তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার টানমান্দাইল গ্রামে। একাত্তরের ১৯ আগস্ট তাঁদের গ্রামের লোকজনের সহায়তায় মুক্তিযোদ্ধারা তিনলাখপীরের সেতুটি ভেঙে ফেলেন। ২১ আগস্ট সেতু ভাঙার বিষয়টি জানাজানি হলে পরদিন রাজাকার মুক্তা মিয়া, বজু মিয়া, মোবারক মিয়া, শহীদ মিয়া পঞ্চায়েত কমিটি গঠনের জন্য গ্রামবাসীকে দাওয়াত দেন। ওই দিন বেলা তিনটার দিকে তিনিসহ গ্রামের ১৩০-১৩২ জন নূর বকশের বাড়িতে জড়ো হন। রাজাকাররা তাঁদের কাছে জানতে চায়, গ্রামের কার কার আত্মীয়স্বজন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। ইতিমধ্যে পাকিস্তানি সেনারা ওই বাড়ি ঘিরে ফেলে। একপর্যায়ে রাজাকাররা তাঁদের (সেখানে উপস্থিত গ্রামবাসীকে) দড়ি দিয়ে বেঁধে ছয়টি নৌকায় তুলে গঙ্গাসাগর দিঘির পাড়ে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে নিয়ে যায়। ওই ক্যাম্পে রাজাকাররা তাঁদের মারধর করে। যাঁদের স্বজন মুক্তিযুদ্ধে গেছেন, তাঁদের তালিকা করে রাজাকাররা পাকিস্তানি সেনাদের কাছে দেয়। ওই তালিকা অনুযায়ী ৩৩ জনকে বাছাই করে তেরঝুড়িতে (রাজ কাচারির হাজতখানা) নিয়ে আটকে রাখা হয়।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, ২২ আগস্ট রাত আটটার দিকে বাছাই করা ওই ৩৩ জনকে গঙ্গাসাগর দিঘির পশ্চিম পাড়ে নেওয়া হয়। সেখানে ওই ৩৩ জনকে দিয়েই গর্ত খুঁড়িয়ে ওই গর্তে তাঁদের দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে হত্যার পর মাটিচাপা দেওয়া হয়। তাঁদের চিৎকার ও আহাজারি তিনি শুনতে পান।জবানবন্দির শেষপর্যায়ে আসামির কাঠগড়ায় থাকা মোবারক হোসেনকে শনাক্ত করেন আলী আকবর। পরে সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। জেরা শেষে এ মামলার কার্যক্রম ১৪ জুলাই পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।