৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, পলাতকদের বিরুদ্ধে ওয়ারেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা ভণ্ডুল, সরকারি গাড়ি ও বিদ্যালয় ভবনে ভাঙচুরের ঘটনায় দ্রুতবিচার আইনে করা মামলায় আজ মঙ্গলবার ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এঁদের সবাই স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী। আজ জেলহাজতে থাকা ২৫ জন আসামিকে দ্রুতবিচার আদালতে হাজির করে জামিন প্রার্থনা করা হয়। বিচারক পারভেজ শাহরিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন। এ ছাড়া যাঁরা পলাতক রয়েছেন, তাঁদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক কার্যালয়ে তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগের পরীক্ষাটি ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীদের হামলায় ভণ্ডুল হয়ে যায়। হামলায় পাবনার দুজন অতিরিক্ত জেলা প্রশাসকসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা আহত হন। পরীক্ষা ভণ্ডুল, সরকারি গাড়ি ও বিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় পাবনার প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল হোসেন বাদী হয়ে পাবনা থানায় মামলাটি করেন।পুলিশ এ মামলার পাঁচজন আসামিকে গ্রেপ্তার করে। গত ২৬ সেপ্টেম্বর ২১ জন আদালতে আত্মসমর্পণ করেন। আরও নয়জন পলাতক আছেন।