৩৩ জেলার মানুষের দুঃখ হয়ে দাঁড়াবে মিরপুর সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি ঈদে উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৩৩ জেলার মানুষের দুঃখ হয়ে দাঁড়ায় মিরপুর সেতু (আমিনবাজার সেতু)। মূলত গাবতলী বাস টার্মিনাল ধরে আশপাশের সড়কে অবৈধ দখল আর মিরপুর সেতুর মুখের অব্যবস্থাপনার কারণে এই পথের বাসগুলোকে সেতু পার হতেই দুই থেকে তিন ঘণ্টা সময় নষ্ট করতে হয়। এরপর আরিচা ঘাট ও চন্দ্রা মোড়ে গিয়ে আবার দুর্ভোগে পড়ে ঘরমুখী মানুষ। বছরের পর বছর এটা চললেও সমাধান কেউ করছে না।গাবতলী ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩-১৪টি জেলার মানুষ যাতায়াত করে আরিচা ঘাট হয়ে। আর যমুনা সেতু হয়ে চলে উত্তরাঞ্চলের প্রায় ২০টি জেলায়। গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, রাস্তার অবস্থা মোটামুটি ভালো, গত বছরের মতো খানাখন্দ নেই। কিন্তু মিরপুর সেতুর নিচ দিয়ে যাওয়া বিকল্প সড়ক গতবারের মতোই অবৈধ দখলে। মোহাম্মদপুর বেড়িবাঁধ ধরে চলা বাস-ট্রাক যাতে দূরপাল্লার বাসের চলাচলে বাধা সৃষ্টি করতে না পারে, সে জন্য সেতুর নিচ দিয়ে ৩৭ কোটি টাকা খরচ করে রাস্তা করা হয়েছে। কিন্তু গতকালও দেখা গেছে, মহাসড়কের দূরপাল্লার যানবাহন আটকে সেতুর মুখ বরাবর ওপরের রাস্তা দিয়ে বেড়িবাঁধ ধরে চলা যানবাহ পারাপার করা হচ্ছে। আজ থেকে শুরু হওয়া ঘরমুখী মানুষের মূল স্রোত শুরুতেই থমকে যাবে এই অব্যবস্থাপনার কবলে পড়ে। জানতে চাইলে সড়ক ও জনপথের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন বলেন, সড়কটি প্রস্তুত আছে। তবে তা দখলমুক্ত হলে যেকোনো সময় চালু করা যাবে। মিরপুর অঞ্চলের ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) আশরাফুল ইসলাম বলেন, এখনো কিছু কাজ বাকি আছে। এরপর অবৈধ দখল উচ্ছেদ করা হবে। গত বছর ঈদের আগেও প্রথম আলো মিরপুর সেতুর মুখের এই সমস্যা নিয়ে প্রতিবেদন করেছিল। তখনো সমস্যা এ রকমই ছিল। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্যও ছিল প্রায় এবারের মতো। এবার দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে বোঝা গেল, ঈদে ঘরমুখী মানুষের যাত্রা স্বাভাবিক করতে যথাসময়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। তবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সর্বশেষ রোজার মাসের শুরুতে একবার গিয়ে পরিদর্শন করেছেন সেতুর নিচের এই বিকল্প সড়ক। তখন তিনি অবৈধ স্থাপনা সরিয়ে সড়ক খুলে দেওয়ার নির্দেশ দেন সংশ্লিষ্ট ব্যক্তিদের। এর আগেও তিনি এই জায়গা পরিদর্শনে যান এবং একই তাগিদ দেন। কিন্তু গতকাল পর্যন্ত রাস্তাটি বন্ধই ছিল।