৩৩ বছর পর ইরানে মিসরের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেহরানে অনুষ্ঠেয় জোটনিরপেক্ষ রাষ্ট্রসমূহের (ন্যাম) সম্মেলনে যোগ দিতে ইরানে পৌঁছেছেন মিসরের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। আজ বৃহস্পতিবার তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে পৌঁছান তিনি।১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর এই প্রথম কোনো মিসরীয় নেতা ইরান সফরে গেলেন। আজ রয়টার্সে প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়। ইরানের রাষ্ট্রীয় একটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা ভিডিও চিত্রে বিমানবন্দরে মুরসিকে লালগালিচা সংবর্ধনা দিতে দেখা গেছে। আজ তেহরানে অনুষ্ঠেয় ন্যাম সম্মেলনে যোগ দেবেন তিনি। আগামীকাল শুক্রবার এই সম্মেলন শেষ হওয়ার কথা। মিসরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া ও ইরানের ইসলামিক বিপ্লবের পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সংযোগ বিচ্ছিন্ন। ইরানের সঙ্গে এই বিচ্ছেদ-সম্পর্কে কোনো অগ্রগতি হবে কি না, এ ব্যাপারে মন্তব্য করতে বারবারই অস্বীকৃতি জানিয়েছেন মুরসি। তবে তিনি আগের চেয়ে বেশি ভারসাম্যপূর্ণ বৈদেশিক নীতি অনুসরণ করবেন বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।