৩৩ বছরেও সচল হয়নি অপারেশন থিয়েটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার ৩৩ বছরেও সচল হয়নি। এক মাস আগে এই অপারেশন থিয়েটার সচল করতে প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা করা হলেও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞের অভাবে তা চালু করা যাচ্ছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৯৭৭ সালে হাসপাতালটি প্রতিষ্ঠার পর অপারেশন থিয়েটার থাকলেও তা সচল হয়নি। এখানে অপারেশন টেবিল, লাইট (আলো), এসি ও জেনারেটর ছিল না। এক মাস আগে সিভিল সার্জন কার্যালয় থেকে অপারেশন টেবিল ও লাইটের ব্যবস্থা করা হয়। মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমএনএইচ) প্রকল্প থেকে এসি ও জেনারেটরের ব্যবস্থাসহ অপারেশন থিয়েটার মেরামত করা হয়েছে। হাসপাতালের কয়েকজন চিকিৎসক জানান, সামান্য উদ্যোগ নিলেই এ হাসপাতালে সিজার, অ্যাপেনডিক্স, গলব্লাডার, হার্নিয়া, পাইলস ও হাইডোসিলসহ এ ধরনের অস্ত্রোপচার চিকিৎসাসেবা দেওয়া সম্ভব। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ‘এখন সব ঠিকঠাক ছিল, শুধু অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞের অভাবে অপারেশন থিয়েটার সচল করা যাচ্ছে না। সম্ভব হচ্ছে না অস্ত্রোপচারসংক্রান্ত চিকিৎসাসেবা দেওয়া। এ ছাড়া এখানে আবাসিক মেডিকেল অফিসার, মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ এবং ডেন্টাল সার্জনের পদ শূন্য আছে।’ নড়াইলের সিভিল সার্জন আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, ‘ওই অপারেশন থিয়েটার সচল করতে সম্প্রতি বিশেষ উদ্যোগ নিয়েছি। নড়াইল সদর হাসপাতাল থেকে গাইনি বিশেষজ্ঞ মায়া রানি বিশ্বাস এবং অ্যানেসথেসিয়ায় দক্ষ চিকিৎসক মো. শাহাবউদ্দীনকে লোহাগড়া হাসপাতালে পদায়ন করা হয়েছে। এখন কাজ শুরু করতে কোনো কিছুর অভাব নেই। এক মাস আগে থেকে বারবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বলেছি কাজ শুরু করতে, কিন্তু কেন শুরু হচ্ছে না, তা বুঝতে পারছি না। মো. শাহাবউদ্দীন এ প্রতিনিধিকে বলেন, ‘আমি মেডিকেল অফিসার, অ্যানেসথেসিয়ায় দক্ষ নই। এ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছিলাম, ভুলে গেছি। বয়সও হয়েছে। আমার ওপর জোর করে চাপিয়ে দিলে তো হবে না।’সিভিল সার্জন বলেন, ‘হাসপাতালের চিকিৎসক যে কেউ যেকোনো বিষয়ে চিকিৎসা দিতে পারেন। কে কোন ধরনের চিকিৎসা দেবেন, তার ধরাবাঁধা নিয়ম নেই। তিনি তো নড়াইল সদর হাসপাতালে অ্যানেসথেসিয়ার চিকিৎসা দিতেন।’ লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান জানান, এই হাসপাতালে এ পর্যন্ত অপারেশন থিয়েটার চালু হয়নি। এখন শুধু অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞের অভাবে তা সচল হচ্ছে না। এর পদায়নের জন্য খুলনা বিভাগীয় উপপরিচালককে কয়েকবার অনুরোধ করেছি।