পাকিস্তানি চিকিৎসক শাকিল আফ্রিদির ৩৩ বছরের দণ্ডাদেশের বিরুদ্ধে কট্টর অবস্থান নিয়েছে মার্কিন সিনেট। এই সাজার বিপরীতে পাকিস্তানের জন্য বরাদ্দ আর্থিক সহায়তা থেকে ৩৩ মিলিয়ন ডলার (তিন কোটি ৩০ লাখ ডলার) কাটবে তারা। মার্কিন সিনেটের এক প্যানেলে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে আজ শুক্রবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে জানানো হয়।আল-কায়েদার প্রয়াত শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে পেতে মার্কিন গোয়েন্দা সংস্থা ‘সিআইএ’কে সহায়তা করেন শাকিল। ২০১১ সালের মে মাসে অ্যাবোটাবাদের বাড়িতে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিহত হন লাদেন। এ ঘটনায় পাকিস্তানের খাইবারের একটি আদালতে উপজাতীয় বিচারব্যবস্থার অধীনে শাকিল আফ্রিদির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়। বিচারে ৩৩ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয় পেশোয়ারের কারাগারে আটক শাকিলকে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, শাকিল আফ্রিদির প্রতি অন্যায় ও অবিচার করা হয়েছে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বাস করে শাকিল আফ্রিদিকে আটক করার কোনো যৌক্তিকতা নেই।’ বিষয়টি নিয়ে তিনি পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন বলে জানান। যুক্তরাষ্ট্রের ‘সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটি’ গতকাল বৃহস্পতিবার সর্বসম্মতভাবে পাকিস্তানের এ সহায়তা কমানোর সিদ্ধান্ত নেয়। এতে সহায়তা কর্তনের পক্ষে ৩০ ভোট পড়ে, বিপক্ষে কোনো ভোট পড়েনি। সিনেটের ওই প্যানেলের সদস্যরা সিদ্ধান্ত নেন, শাকিল আফ্রিদির এক বছরের দণ্ডের জন্য এক মিলিয়ন ডলার (১০ লাখ ডলার) করে সহায়তা কমানো হবে।রিচার্ড ডারবিন নামের একজন সিনেটর বলেন, ‘এটা খুবই নিষ্ঠুর কাজ হয়েছে। লাদেনের খোঁজ পেতে আমাদের সাহায্য করায় শাকিলকে তারা (পাকিস্তান) বিশ্বাসঘাতক বলেছে।’মার্কিন রিপাবলিকান দলের প্রভাবশালী সিনেটর জন ম্যাককেইন বলেন, শাকিল আফ্রিদির কারাদণ্ড হলে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত সামরিক সহায়তাও ঝুলে যাবে।আগামী অর্থবছরে পাকিস্তানকে এক বিলিয়ন (১০০ কোটি) ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আফ্রিদির দণ্ড বহাল রাখলে সেখান থেকে ৩৩ মিলিয়ন ডলার কেটে রাখার জন্য হোয়াইট হাউসের প্রতি সুপারিশ করেছে মার্কিন সিনেটরদের ওই প্যানেল।রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ‘পাকিস্তানকে আমাদের প্রয়োজন। তারাও আমাদের ছাড়া চলতে পারবে না, তবে পাকিস্তানের দু-মুখো নীতি আমাদের প্রয়োজন নেই।’