৩৩তম বিসিএস: বঞ্চিতদের রিট, হাইকোর্টের রুল
নির্ধারিত সময়ে আবেদন করলেও কারিগরি ত্রুটির কারণে প্রক্রিয়া শেষ করতে না পারা রিট আবেদনকারীদের ৩৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে প্রবেশপত্র দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, সে ব্যাপারে কারণ দর্শাতে রুল জারি করেছেন হাইকোর্ট।পাঁচ পরীক্ষার্থীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার এই রুল জারি করেন। পিএসসির চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।মেহেদি হাসান, মহিবুল্লাহ, শিল্পী আকতার, মৌসুমী আক্তারসহ পাঁচজন প্রার্থী এই রিট আবেদনটি করেন।রিটকারীদের আইনজীবী অনীক হক প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আদালতকে আমরা বলেছি, এই পরীক্ষার্থীরা পিএসসির সব নির্দেশ মেনে নির্ধারিত সময়ে ৩৩তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। তাঁরা সবাই নির্ধারিত সময়ের আগেই টেলিটকে এসএমএস পাঠিয়েছেন ও পিন কোড পেয়েছেন। কিন্তু টেলিটক তাঁদের টাকা কাটেনি। টেলিটকের কারিগরি সমস্যার কারণেই এই সমস্যা হয়েছে। কাজেই আইন অনুযায়ী তাঁরা পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিদার। আদালত সব শুনে কেন এই পরীক্ষার্থীরা প্রবেশপত্র পাবে না, সে ব্যাপারে কারণ দর্শানোর জন্য পিএসসির চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকের প্রতি রুল জারি করেছেন।’রিটের শুনানিকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল-আমিন সরকার উপস্থিত ছিলেন। তিনি প্রথম আলো অনলাইনকে জানান, রিট আবেদনকারীদের প্রবেশপত্র দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে ব্যাপারে রুল জারি করেছেন আদালত।৩৩তম বিসিএস থেকে প্রথমবারের মতো অনলাইনে আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। গত ৮ মার্চ সকাল ১০টা থেকে ৩৩তম বিসিএসের আবেদনপত্র জমাদান শুরু হয় এবং ৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলে। তবে শেষের কয়েক দিন সমস্যার কারণে সাড়ে ১১ হাজার প্রার্থী শেষ পর্যন্ত আবেদনপ্রক্রিয়া শেষ করতে পারেননি।