৩৪তম বিসিএস: বাদ পড়া আদিবাসীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৪তম বিসিএসের প্রিলিমিনারির পুনর্মূল্যায়িত ফলে বাদ পড়া আদিবাসীরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়।বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের যৌথভাবে আয়োজিত এই মানববন্ধনে পুলিশ বাধা না দিলেও তাদের মাইক ব্যবহার করতে দেয়নি। শতাধিক আদিবাসী মানববন্ধনে অংশ নেন।মানববন্ধনে আদিবাসীদের পক্ষে আলবেরিকুশ খালকো বলেন, ‘৩৪তম প্রিলিমিনারির প্রথম দফার ফলে উত্তীর্ণ ২৮০ জন আদিবাসী দ্বিতীয় দফায় বাদ পড়েছেন। অথচ পিএসসি বলছে, আগের সবাইকে রেখেই পুনর্মূল্যায়িত ফল দেওয়া হয়েছে। পিএসসির কাছে অনুরোধ, বাদপড়া আদিবাসী প্রার্থীদের যেন দ্বিতীয় ফলে অন্তর্ভুক্ত করা হয়।’ বঞ্চিত আদিবাসী পরীক্ষার্থীদের পক্ষে বিনয় টপ্যও এ সময় বক্তব্য দেন।সুলভ চাকমার অনুষ্ঠান সঞ্চালনায় পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জ্যোতিষ্মান চাকমা, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক জেমশন আমলাই ও আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অনন্ত ধামাই মানববন্ধনে বক্তব্য দেন। ৮ জুলাই ৩৪তম বিসিএসের ফল প্রকাশ করা হয়। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন। এবারই প্রথম কোটার ভিত্তিতে ফল দেওয়া হয়। এর ফলে মেধাবী অনেকেই বাদ পড়েছেন অভিযোগ তুলে চাকরিপ্রার্থীরা আন্দোলন করেন। এরপর ১০ জুলাই ওই ফল পুনর্মূল্যায়নের ঘোষণা দেয় পিএসসি। ১৪ জুলাই পুনর্মূল্যায়িত ফলাফলে ৪৬ হাজার ২৫০ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন। কিন্তু এরপরই আদিবাসীরা জানতে পারেন, প্রথম দফায় উত্তীর্ণ হলেও পরে অনেকেই বাদ পড়েছেন।আদিবাসীরা বলেন, বিষয়টি জানার জন্য সরকারি কর্মকমিশনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পিএসসি তাতে সাড়া দেয়নি। ১৬ জুলাই পিএসসির চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়ে এ বিষয়ে প্রতিকার চাওয়া হয়। কিন্তু তারা এখনো কিছু জানায়নি।