৩৪০ মেগাওয়াট বিদ্যুতের জন্য চুক্তি সই
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে গত দুই দিনে বিভিন্ন কোম্পানির মোট ৩৪০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি হয়েছে।গত বুধবার সন্ধ্যায় পিডিবির সঙ্গে তিনটি কোম্পানির মোট ২৪০ মেগাওয়াট ‘কুইক রেন্টাল’ বিদ্যুৎ কেনার চুক্তি অনুস্বাক্ষর হয়। এ তিনটি কোম্পানি হচ্ছে: পাওয়ারপ্যাক হোল্ডিং অ্যান্ড ক্যাটারপিলার। এ কোম্পানি ঢাকার কেরানীগঞ্জে ১০০ মেগাওয়াটের একটি কেন্দ্র বসাবে। আইএফডিসি ভালকান এনার্জি ৪০ মেগাওয়াটের কেন্দ্র বসাবে যশোরের নোয়াপাড়ায় এবং পিডিভি পাওয়ারটেক চায়না ও সিরিয়াস হোল্ডিংস বাংলাদেশের যৌথ উদ্যোগে ১০০ মেগাওয়াটের কেন্দ্র বসবে মেঘনাঘাটে।আগামী কয়েক দিনের মধ্যে আরও ৩৫০ থেকে ৪০০ মেগাওয়াট ‘কুইক রেন্টাল’ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি অনুস্বাক্ষর হতে পারে। এসব কেন্দ্র হবে ফার্নেস তেলচালিত।এ ছাড়া গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারি খাতের দুটি পিকিং (সর্বোচ্চ চাহিদার সময় চালানোর জন্য স্থাপিত) বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি হয়েছে। এ দুটি কেন্দ্র হচ্ছে: বাঘাবাড়ী ৫০ ও দাউদকান্দি ৫০ মেগাওয়াট কেন্দ্র। এ দুটি কেন্দ্রই স্থাপনের কাজ পেয়েছে ফুজিয়ান ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি, টিসিসিসি ও ইটার্নের যৌথ উদ্যোগ।