৩৫ কোটি টাকার জমি দুই কোটি ৩৬ লাখে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলুপ্ত পাট করপোরেশনের (বিজেসি) ৩৫ কোটি টাকা মূল্যের প্রায় চার একর জমি ও বেশ কিছু অবকাঠামো দুই কোটি ৩৬ লাখ ৫৬ হাজার টাকায় বিক্রি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। নারায়ণগঞ্জের চৌধুরী বাড়িতে অবস্থিত গোদনাইল প্রেস হাউসের এই জমি বিক্রির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী দরপত্র আহ্বান করার শর্ত থাকলেও তা মানা হয়নি।বাজারমূল্যের চেয়ে অনেক কম দরে ওই জমিটি কিনে নিয়েছে আওয়ামী লীগ-সমর্থক তিন ব্যবসায়ীর পরিচালনাধীন এফএফ গার্মেন্টস প্রা. লি.। এস এম সালাউদ্দিন, গোলাম গাউস ও জাকির হোসেন নামের তিন ব্যবসায়ী একসময় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ছিলেন।জানতে চাইলে পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘আমি মুখে এক কথা আর কাগজে-কলমে অন্য কথা বলার লোক না। ওই তিন ফুটবলার দেশের জন্য খেলেছেন। এই অবদানের জন্য তাঁদের কাছে জমিটি বিক্রির লিখিত সুপারিশ করেছি। বগুড়ায় বিজেসির আরেকটি জমি আমার এক বন্ধুর স্ত্রীর কাছে বিক্রির সুপারিশ করেছি।’এই জমিতে বিজেসির বাংলোসহ বেশ কয়েকটি ভবন এবং কয়েক হাজার গাছসহ বেশ কিছু সম্পত্তি রয়েছে। তবে সম্পত্তিটি বিক্রির আগে গত অক্টোবরে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর বাজারমূল্য নির্ধারণের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে দায়িত্ব দেয়। জমির দলিল ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে গোদনাইল প্রেস হাউসের ১৮ দশমিক ৪০ একর সম্পত্তির মূল্য ১৭৯ কোটি দুই লাখ টাকা নির্ধারণ করা হয়। এ হিসাবে ওই চার একর সম্পত্তির বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩৫ কোটি টাকা। গত ১৬ মার্চ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ওই সম্পত্তির মূল্য নির্ধারণ করে মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। কিন্তু তার আগেই গত বছর ২৯ ডিসেম্বর তিন সাবেক ফুটবলারের পরিচালনাধীন এফএফ গার্মেন্টসের নামে জমিটি বিক্রির সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। মন্ত্রী লতিফ সিদ্দিকী মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নীতি-২ অধিশাখাকে সম্পত্তিটি বিক্রির জন্য চিঠি দেওয়ার নির্দেশ দেন। জানতে চাইলে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব আশরাফুল মকবুল বলেন, ক্রেতারা হলেন খোলোয়াড়। দেশের জন্য তাঁদের অবদানের কথা বিবেচনা করে মন্ত্রী ২০১১ সালের ডিসেম্বরে ওই জমিটি তাঁদের কাছে বিক্রির অনুমোদন দেন। দরপত্র ছাড়া সরকারি জমি কীভাবে বিক্রি করলেন, এ প্রশ্নের কোনো জবাব দেননি তিনি।আবেদন করেই মালিক: ২০০০ সালেও একবার ওই চার একর জমি বিক্রির সিদ্ধান্ত নেয় পাট মন্ত্রণালয়। তখন এর মূল্য ধরা হয় এক কোটি ৫৭ লাখ টাকা। এটি বিক্রির আদেশের জন্য দেওয়া চিঠিতে ২০০০ সালের দরের চেয়ে ৫০ শতাংশ বেশি মূল্য ধরে দুই কোটি ৩৬ লাখ ৫৬ হাজার ৬৫৬ টাকায় জমিটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।শুধু গোদনাইল প্রেস হাউসই নয়, ক্রেতার ইচ্ছাপত্রে সাড়া দিয়ে খুলনার দৌলতপুরের প্রেস হাউসের ৬ দশমিক ১৬ একর জমিও ১৪ কোটি টাকায় বিক্রি করে দিচ্ছে মন্ত্রণালয়। এই সম্পত্তির ক্রেতাও সরকার-সমর্থক ব্যবসায়ী ও উত্তরা জুট ট্রেডার্সের মালিক সুজিত কুমার ভট্টাচার্য। তবে এ ক্ষেত্রে ২০১২ সালের বাজারদর অনুযায়ী এর মূল্য নির্ধারণ করে তা বিক্রি করা হচ্ছে।২০০৮ সালে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের নীতি-২ শাখা থেকে বাংলাদেশ পাট করপোরেশনের (বিলুপ্ত) যাবতীয় সম্পত্তি বিক্রির জন্য একটি সংশোধিত নীতিমালা জারি করা হয়। ওই নীতিমালার প্রথম শর্তেই বলা হয়েছে, সম্পত্তি বিক্রির জন্য দরপত্র আহ্বান করতে হবে। মূল্যায়িত দরের কম দর পাওয়া গেলে তৃতীয়বার পর্যন্ত দরপত্র আহ্বান করতে হবে। কিন্তু দৌলতপুর ও নারায়ণগঞ্জের সম্পত্তি বিক্রির ক্ষেত্রে নীতিমালা লঙ্ঘন করেছে মন্ত্রণালয়। ১৯৯৩ সালে তৎকালীন সরকার বিজেসিকে বিলুপ্ত ঘোষণা করে। পাট প্যাকেটজাত করা, পাটজাত পণ্যের মোড়ক ছাপানোসহ অন্যান্য কাজের সঙ্গে সংশ্লিষ্ট কাজগুলো বিজেসির অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানে করা হতো। খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, নারায়ণগঞ্জের পাটকলসংলগ্ন এলাকাগুলোতে বিজেসির কারখানাগুলো স্থাপন করা হয়েছিল। তৎকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিজেসির সব সম্পত্তি বিক্রি শুরু হয়। এ পর্যন্ত প্রায় ৬০ শতাংশ সম্পত্তি বিক্রি হয়ে গেছে।জাতীয় দলের সাবেক ফুটবলার ও ব্যবসায়ী জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা তিন ফুটবলার দেশের জন্য অনেক খেলেছি। কিন্তু কিছুই পাইনি। মন্ত্রী লতিফ সিদ্দিকীর সম্মতি নিয়ে আমরা জমিটি কিনেছি। ইতিমধ্যে টাকা জমা দেওয়া হয়েছে। এখন জমিটি বুঝে পাওয়ার অপেক্ষায় আছি।’