বলিপাড়া ক্যাম্পে বিডিআর বিদ্রোহ
৩৫ জওয়ানকে আদালতে হাজির, ১০ অক্টোবর পর্যন্ত আদালত মুলতবি
বান্দরবানের বলিপাড়া ক্যাম্পে বিদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় বিডিআরের ৩৫ জন জওয়ানকে আজ শনিবার চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে স্থাপিত বিশেষ আদালত-৪-এ হাজির করা হয়। আদালতে আজ তাঁদের বিরুদ্ধে অভিযোগগুলো পড়ে শোনানো হয়। পরে আদালত আগামী ১০ অক্টোবর পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।সকাল পৌনে নয়টায় বিচারকাজ শুরু হয়ে চলে সাড়ে নয়টা পর্যন্ত। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। বিচারক প্যানেলের অন্য সদস্যরা ছিলেন লে. কর্নেল আবদুর রউফ ও মেজর এ জেড এম গোলাম মোস্তফা আল মামুন। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী ইজাহারুল হক আখন্দ। বলিপাড়ার ১০ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মো. সুলতান আহমেদ আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। এর আগে ২২ এপ্রিল বৃহস্পতিবার আদালত আসামিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো আমলে নেন এবং অভিযুক্ত জওয়ানদের কাছে অভিযোগনামার কপি পৌঁছানোর নির্দেশ দেন। একই সঙ্গে আদালত আজ অভিযুক্ত ৩৫ জওয়ানকে আদালতে হাজির করার আদেশও দিয়েছিলেন। বিডিআর সূত্র জানায়, পিলখানায় বিদ্রোহের জের ধরে বলিপাড়ার বিডিআর ক্যাম্পের কিছু জওয়ান গত বছরের ২৬ ফেব্রুয়ারি ক্যাম্পের অধিনায়ককে লাঞ্ছিত করে অস্ত্রাগার লুট করেন এবং রণসাজে সজ্জিত হয়ে ভয়ভীতি প্রদর্শন করেন, যা বিডিআর আইনের লঙ্ঘন। এ ঘটনায় ২০০৯ সালের ৭ মে বান্দরবানের বিচারিক হাকিমের আদালতে ২৩৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুর রহমান। ওই মামলায় ১১০ জনকে গ্রেপ্তার এবং ১২৪ জনকে পলাতক দেখানো হয়। বান্দরবান কারাগারে আটক ওই ১১০ জওয়ানের মধ্যে ৩৫ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।