৩৫ জনের মৃত্যুদণ্ড মওকুফ করেছেন পাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল নতুন এক রেকর্ড গড়লেন। একজন, দুজন নয়—একেবারে ৩৫ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করে দিলেন তিনি। শুধু তা-ই নয়, রাষ্ট্রপতির ক্ষমা পাওয়া এসব আসামি প্রায় সবাই ভয়ংকর সব অপরাধের সঙ্গে যুক্ত। গণহত্যা, অপহরণ, ধর্ষণ, শিশু হত্যার মতো ভয়ংকর সব অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসব আসামিকে ক্ষমা করে দিয়েছেন প্রতিভা পাতিল। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ২ জুন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল চারজন আসামির মৃত্যুদণ্ড মওকুফ করেন। তাঁরা হলেন, কর্নাটকের বান্দু বাবুরাও তিদকে, উত্তর প্রদেশের বান্টু, লালচান্দের লায়লা ধুম ও রাজস্থানের শিবলাল। এঁদের মধ্যে তিদকে পরিচিত ছিলেন স্বামী সদাশিব আপ্পানা মাত নামে। ১৬ বছরের এক কিশোরীকে তিনি অপহরণ করেন। পরে ওই কিশোরীকে তিনি ধর্ষণ ও হত্যা করেন। ২০০৮ সালের জুলাই মাসে উত্তর প্রদেশের আদালত বান্টুকে মৃত্যুদণ্ড দেন। পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে তিনি অভিযুক্ত।মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেসব আসামিকে রাষ্ট্রপতি ক্ষমা করেছেন, আসলে তাঁরা সবাই ভয়ংকর সব অপরাধে অভিযুক্ত। ক্ষমা পাওয়া আসামিদের মধ্যে পিয়ারা সিং, সরাবজিত সিং, গুরুদেব সিং ও সাতনাম সিং বিয়ের এক অনুষ্ঠানে ১৭ জনকে একসঙ্গে হত্যা করেছিলেন। ছোট শিশুদের ধর্ষণ ও হত্যার জন্য অভিযুক্ত তামিলনাড়ুর গোপি ও মোহন, মধ্যপ্রদেশের মোলাই রাম ও সন্তোষও রয়েছেন রাষ্ট্রপতির ক্ষমার তালিকায়।রাষ্ট্রপতি একে একে এ রকম সব ভয়ংকর অপরাধীকে ক্ষমা করে দেওয়ায় ভারতবাসী বিস্মিত। কারণ, ভারতে সাধারণত মৃত্যুদণ্ড মওকুফ করা হয় না। রাষ্ট্রপতি ভবনের মুখপাত্র অর্চনা দত্ত বলেন, প্রতিভা পাতিল সাংবিধানিক বিধিবিধান ভালোভাবেই জানেন। তিনি নিজেও একজন আইনজীবী। তবুও গণহত্যাকারী, ধর্ষক, শিশু হত্যাকারীদের ক্ষমা করেছেন প্রতিভা। তাই এমন প্রশ্নও উঠেছে যে পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিনত সিং অথবা রাজীব গান্ধীর খুনির প্রতি কি তিনি এমন ক্ষমা দেখাতে পারবেন?