১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সে বছরেরই ৩ নভেম্বর ভোররাতে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয় তাঁর ঘনিষ্ঠ সহযোগী জাতীয় চার নেতাকে। কারাগারের ভেতরে বন্দী অবস্থায় কাপুরুষোচিতভাবে গুলি করে হত্যা করা হয় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে। বলা হয়, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের ষড়যন্ত্র সম্পূর্ণ হয় ৩ নভেম্বর।সেই থেকে কেটে গেছে ৩৫ বছর। কিন্তু জাতির এই চার কৃতী সন্তানের হত্যার বিচার-প্রক্রিয়া এত দিনেও শেষ হয়নি।প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘদিন পর শুরু হওয়া বিচার-প্রক্রিয়া এখন পৌঁছেছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল শুনানি পর্যন্ত। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, শিগগিরই লিভ টু আপিলের (আপিল করার অনুমতির আবেদন) শুনানির জন্য উদ্যোগ নেওয়া হবে। কৌশলগত দিক বিবেচনা করে পুনর্বিচারের আবেদন করা হতে পারে। জেলহত্যা মামলায় নিয়োজিত রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘সামনে অবকাশ রয়েছে। মামলাটির শুনানি শুরু হলে এ সময়ে শেষ হবে না। ডিসেম্বরে শীতকালীন ছুটির আগে শুনানির উদ্যোগ নেব। তা না হলে জানুয়ারিতে ত্বরিত শুনানির ব্যবস্থা নেব।’ হাইকোর্টের রায়ে একজন আসামি ছাড়া অন্যদের খালাস দেওয়া হয়। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘নভেম্বরের পর শুনানির উদ্যোগ নেওয়া হবে। বঙ্গবন্ধু হত্যা মামলায় যাদের দণ্ড কার্যকর হয়েছে, সে ক্ষেত্রে করণীয় নেই। হাইকোর্টের রায়ে আসামিদের খালাস দেওয়া হয়েছে। এ জন্যই আপিল শুনানি প্রয়োজন।’ ২০০৫ সালের ২০ অক্টোবর নিম্ন আদালত পলাতক তিন আসামিকে ফাঁসি ও ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে হত্যার পেছনে কোনো ষড়যন্ত্র খুঁজে না পাওয়ায় চার রাজনীতিবিদ কে এম ওবায়েদুর রহমান, শাহ্ মোয়াজ্জেম হোসেন, নূরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মেজর (অব.) খায়রুজ্জামানকে বেকসুর খালাস দেওয়া হয়। ২০০৮ সালের ২৮ আগস্ট হাইকোর্ট আসামিদের মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ ও জেল আপিলের ওপর শুনানি শেষে একজন ছাড়া অন্যদের খালাস দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত বছরের ১৪ সেপ্টেম্বর আপিল বিভাগে আবেদন করে।আইনজ্ঞের অভিমত: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, পলাতক আসামিদের ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। পুনর্বিচারের সম্ভাব্যতা প্রশ্নে তিনি বলেন, হাইকোর্ট ও নিম্ন আদালতের রায় পর্যালোচনা করে আপিল বিভাগ তা বিবেচনা করতে পারেন। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেন, রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে অংশ নেওয়া জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। জেলহত্যা মামলার গুরুত্ব কমেছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর গুরুত্ব সামান্যতমও নষ্ট হয়নি। এর আদর্শ ভিন্ন।’ আবেদনের যৌক্তিকতা প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘হাইকোর্ট একজনকে সাজা দিয়েছেন। তাহলে কি একজন চার নেতাকে হত্যা করেছে? এটি অবাস্তব, অসম্ভব ও অকল্পনীয়।’প্রধান কৌঁসুলি পুনর্বিচার প্রশ্নে বলেন, কৌশলগত দিক বিবেচনা করে আপিল বিভাগে এ বিষয়ে আবেদন করা হতে পারে। মামলার ঘটনাক্রম: হত্যাকাণ্ডের পরদিন ৪ নভেম্বর তৎকালীন উপ-কারা মহাপরিদর্শক কাজী আব্দুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সেনাবাহিনীর রিসালদার মোসলেম উদ্দিনের নাম উল্লেখ করে বলা হয়, তাঁর নেতৃত্বে চার-পাঁচজন সেনাসদস্য কারাগারে ঢুকে চার নেতাকে হত্যা করেন। গুলি করার পর মৃত্যু নিশ্চিত করতে তাঁদের দেহে বেয়নেট বিদ্ধ করা হয়। ঘটনার পরদিনই মামলা দায়ের করা হলেও এর তদন্ত ২১ বছর থেমে ছিল। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর থেকে ক্ষমতায় থাকা সরকারগুলো জেলহত্যা মামলার তদন্তে প্রত্যক্ষ-পরোক্ষ বাধার সৃষ্টি করে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তদন্ত শুরু হয়। ১৯৯৮ সালের ১৫ অক্টোবর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এএসপি আবদুল কাহার আকন্দ ২১ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। আসামি আবদুল আজিজ পাশা মামলা চলাকালে জিম্বাবুয়েতে মৃত্যুবরণ করায় তাঁকে রায়ের আগে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। ২০০১ সালের ১৪ এপ্রিল সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মোট ৭৫ জন সাক্ষীর মধ্যে ৬৪ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় এ মামলায়।নিম্ন আদালতের রায়: ২০০৪ সালের ২০ অক্টোবর নিম্ন আদালত রায় দেন। নাজিমউদ্দিন রোডের বিশেষ এজলাসে তৎকালীন মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন। রায়ে পলাতক আসামি রিসালদার (ক্যাপ্টেন) মোসলেম উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কর্নেল (অব.) সৈয়দ ফারুক রহমান, মেজর (অব.) বজলুল হুদা ও মেজর (অব.) সুলতান শাহরিয়ার রশিদকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এ ছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অন্য আসামি কর্নেল (অব.) খন্দকার আবদুর রশিদ, লে. কর্নেল (অব.) শরিফুল হক ডালিম, কর্নেল (অব.) এম বি নূর চৌধুরী, মেজর (অব.) কে এম মহিউদ্দিন আহমেদ, লে. কর্নেল (অব.) এ এম রাশেদ চৌধুরী, মেজর (অব.) আহম্মদ শরিফুল হোসেন, ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদ, ক্যাপ্টেন (অব.) কিসমত হাশেম, ক্যাপ্টেন (অব.) নাজমুল হোসেন আনসার মামলার শুরু থেকেই পলাতক। হাইকোর্টের নিষ্পত্তি: হাইকোর্টের বিশেষ বেঞ্চে ২০০৮ সালের ১৩ জুলাই থেকে জেলহত্যা-সংক্রান্ত মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ ও আপিল শুনানি শুরু হয়। ২৮ আগস্ট বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আতাউর রহমান খানের বেঞ্চ রায় দেন। রায়ে হত্যার দায় থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দফাদার মারফত আলী শাহ, দফাদার মো. আবুল হাশেম মৃধা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লে. কর্নেল (বরখাস্তকৃত) সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) সুলতান শাহরিয়ার রশিদ খান, মেজর (অব্যাহতিপ্রাপ্ত) বজলুল হুদা ও মেজর (অব.) এ কে এম মহিউদ্দিন আহমেদকে খালাস দেন আদালত। তবে পলাতক আসামি রিসালদার মোসলেম উদ্দিন ওরফে মুসলেম উদ্দিন ওরফে হিরণ খান ওরফে মুসলেম উদ্দিন খানের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখা হয়। পলাতক এক আসামিরও মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ ছাড়া নিম্ন আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অন্য আট আসামি—পলাতক কর্নেল (অব.) খন্দকার আবদুর রশিদ, লে. কর্নেল (অব.) শরিফুল হক ডালিম, কর্নেল (অব.) এম বি নূর চৌধুরী, লে. কর্নেল (অব.) এ এম রাশেদ চৌধুরী, মেজর (অব.) আহম্মদ শরিফুল হোসেন, ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদ, ক্যাপ্টেন (অব.) কিসমত হাশেম ও ক্যাপ্টেন (অব.) নাজমুল হোসেন আনসারের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, জেলহত্যা মামলার দায় থেকে মারফত আলী শাহ, আবুল হাশেম মৃধা, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদকে খালাস দেওয়ার বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়েছে। তবে বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায়ের পর চার আসামির ফাঁসি কার্যকর হওয়ায় এখন মারফত আলী শাহ ও আবুল হাশেম মৃধার বিরুদ্ধে আপিল শুনানি হবে।