৩৫ হাজার মানুষের জন্য একজন চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকসহ জনবল-সংকট নিয়ে পটুয়াখালী জেলায় চলছে চিকিৎসাসেবা কার্যক্রম। জেলার লোকসংখ্যা ১৪ লাখ ৪৩ হাজার ৯৬৮ জন। তাদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য রয়েছে একটি জেনারেল হাসপাতাল, ছয়টি স্বাস্থ্য কমপ্লেক্স, ১২টি উপস্বাস্থ্য কেন্দ্র ছাড়াও রয়েছে বক্ষব্যাধি হাসপাতাল। এসব চিকিৎসাসেবা কেন্দ্রে মোট ২৩৭ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ৪১ জন। এর মধ্যে সিনিয়র কনসালট্যান্ট সার্জারি, মেডিসিন, ইএনটি, জুনিয়র কনসালট্যান্ট রেডিওলজি, প্যাথলজি, কার্ডিওলজিসহ ১৯৬টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে জেলায় গড়ে ৩৫ হাজার ২১৮ জন মানুষের চিকিৎসাসেবা দেওয়ার জন্য রয়েছেন একজন চিকিৎসক।জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, পটুয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে প্রস্তাবিত ও অনুমোদিত চিকিৎসকের পদ রয়েছে ৬৯টি। বর্তমানে কর্মরত আছেন ১৪ জন, ৫৫টি পদই শূন্য। মির্জাগঞ্জ উপজেলায় ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ২৭টি চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে আছেন চারজন, ২৩টি পদই শূন্য। বাউফলে চিকিৎসকের পদ ২৩টি। কর্মরত আছেন পাঁচজন, ১৮টি পদ শূন্য। দশমিনায় ১৫টি পদে আছেন দুজন, ১৩টি পদ শূন্য। গলাচিপায় ৩৭টি পদের বিপরীতে কর্মরত আছেন ছয়জন, ৩১টি পদ শূন্য। কলাপাড়ায় ৩১টি পদে কর্মরত আছেন তিনজন, ২৮টি পদই শূন্য। দুমকি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নয়টি পদ থাকলেও কর্মরত আছেন তিনজন, ছয়টি পদ শূন্য। এ ছাড়া সদর উপজেলায় ১৮টি পদের মধ্যে কর্মরত আছেন দুজন, ১৬টি পদ শূন্য। সিভিল সার্জন অফিসে চিকিৎসকের পদ রয়েছে চারটি। সেখানে কর্মরত আছেন একজন, তিনটি পদ শূন্য। আর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসকের দুটি পদ থাকলেও তা শূন্য রয়েছে।এ ছাড়া জেলায় তৃতীয় শ্রেণীর কর্মচারীর পদ রয়েছে ৮৩৬টি। কর্মরত আছেন ৫৫৪ জন, শূন্য রয়েছে ২৮২টি পদ। চতুর্থ শ্রেণীর ২১৯টি পদের মধ্যে কর্মরত আছেন ১৭২ জন, শূন্য রয়েছে ৪৭টি পদ।পটুয়াখালীর সিভিল সার্জন (দায়িত্বপ্রাপ্ত) মো. আবু সুফিয়ান বলেন, ‘প্রয়োজনীয় চিকিৎসকসহ জনবল-সংকট নিরসনে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিষয়টি বরিশাল বিভাগীয় পরিচালককে (স্বাস্থ্য) অবহিত করা হয়েছে। এলাকার নির্বাচিত সাংসদ ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়াকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে। হাসপাতালে তেমন কোনো ওষুধসংকট নেই। এ জনবল-সংকট নিয়েই তাঁরা রোগীদের সম্ভাব্য সব রকম সেবা দেওয়ার প্রচেষ্টা চলছে।’দশমিনায় এক লাখ ১৭ হাজার মানুষের চিকিৎসা দিচ্ছেন দুজন চিকিৎসক: পটুয়াখালীর ৩১ শয্যাবিশিষ্ট দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ১০টি পদের স্থলে আছে মাত্র দুজন। ১৯৯৪ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হয়। উপজেলার এক লাখ ১৭ হাজার মানুষকে নির্ভর করতে হচ্ছে দুজন চিকিৎসকের ওপর।হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন বহির্বিভাগে ৩০০ থেকে ৪০০ এবং আন্তবিভাগে ২০ থেকে ২৫ জন রোগী স্বাস্থ্যসেবা নিতে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি পাঁচ বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। উপজেলায় ৫০টি বিচ্ছিন্ন চর রয়েছে। উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা বা ট্রলার। এসব চরের মানুষ জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ ভবনের বিভিন্ন দেয়ালে ফাটল ধরেছে। হাসপাতালে যন্ত্রপাতি থাকলেও চিকিৎসকের অভাবে গুরুত্বপূর্ণ কোনো অস্ত্রোপচার হয় না।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমুদ রঞ্জন বালা জানান, অ্যাম্বুলেন্স ও অন্যান্য সমস্যার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।চিকিৎসকশূন্য বক্ষব্যাধি ক্লিনিক: পটুয়াখালী বক্ষব্যাধি ক্লিনিকে একজন জুনিয়র কনসালট্যান্ট ও একজন মেডিকেল অফিসার—এই দুটি চিকিৎসকের পদ থাকলেও দীর্ঘ দুই বছর ধরে তা শূন্য রয়েছে। এই অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মিজানুর রহমান অতিরিক্ত দায়িত্ব হিসেবে দুপুরে বক্ষব্যাধি ক্লিনিকে এসে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন। ক্লিনিকের এক্সরে মেশিনটি তিন বছর ধরে অকেজো অবস্থায় রয়েছে। তিন মাস আগে একটি অত্যাধুনিক এক্সরে মেশিন পাওয়া গেলেও বিদ্যুতের তিন ফেইজ লাইন সংযোগ না থাকায় তা চালু করা সম্ভব হচ্ছে না। সরেজমিনে দেখা গেছে, ক্লিনিকের সামনে অরক্ষিত অবস্থায় বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে এক্সরে মেশিনটি। ক্লিনিকের ফার্মাসিস্ট নুরুল ইসলাম বলেন, ‘গত বছর এক হাজার ৪৮১ জন রোগী এই ক্লিনিকে কফ পরীক্ষা করেছে। তাদের মধ্যে ৮৪ জনের যক্ষ্মা জীবাণু পাওয়া গেছে। যক্ষ্মায় আক্রান্ত রোগীদের মধ্যে ৫৮ জনকে এই ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি ২৬ জনকে বিভিন্ন উপজেলার ব্র্যাক সেন্টারে পাঠানো হয়েছে। প্রতিদিন এখানে ১৬ থেকে ২০ জন রোগী চিকিৎসাসেবা নিতে আসে। চিকিৎসকের শূন্য পদ পূরণ না হওয়ায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।’ এক নজরে জেলার লোকসংখ্যা: ১৪,৪৩,৯৬৮ জন। সিভিল সার্জনের কার্যালয়: একটি। হাসপাতাল: ১০টি। ২৫০ শয্যার একটি পটুয়াখালী জেনারেল হাসপাতাল। ৫০ শয্যার তিনটি হাসপাতাল (গলাচিপা, মির্জাগঞ্জ ও কলাপাড়া)। ৩১ শয্যার হাসপাতাল তিনটি (বাউফল, দশমিনা ও দুমকি) ২০ শয্যার হাসপাতাল দুটি (মির্জাগঞ্জের কাঁঠালতলী ও কুয়াকাটা)  বক্ষব্যাধি ক্লিনিক: একটি । নার্সিং ট্রেনিং সেন্টার: একটি। ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র: ১২টি। কমিউনিটি ক্লিনিক: ৮৪টি। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র: ৫৩টি। জেলায় চিকিৎসক: পদ ২৩৭টি। কর্মরত আছেন ৪১ জন। শূন্যপদ ১৯৬টি। সেবক-সেবিকা: পদ ১৪৬টি। কর্মরত আছেন ১২২ জন। শূন্যপদ ২৪টি।  তৃতীয় শ্রেণীর কর্মচারী: পদ ৮৩৬টি। কর্মরত আছেন  ৫৫৪ জন। শূন্যপদ ২৮২টি।  চতুর্থ শ্রেণীর কর্মচারী: পদ ২১৯টি। কর্মরত আছেন  ১৭২ জন। শূন্যপদ ৪৭টি। অ্যাম্বুলেন্স: আটটি বেসরকারি প্রতিষ্ঠান বিএনএসবি চক্ষু হাসপাতাল: একটি। শিশু হাসপাতাল: একটি। অন্যান্য হাসপাতাল ও ক্লিনিক: ১৩টি।  প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টার: ১৮টি।