৩৬ ঘণ্টা নিখোঁজ থাকার পর রাশেদুলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৬ ঘণ্টা নিখোঁজ থাকার পর লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চওড়াটারী গ্রামের রাশেদুল হকের (২৫) লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ধরলা নদীর কলাখাওয়া ঘাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গত বুধবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।লাশ উদ্ধারের পর তা আজ বুমকা গ্রামের জুবায়দুলের ঘাটে নিয়ে আসা হয়। লাশের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে হাজার হাজার জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা এ সময় বিডিআরের নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবি করে মিছিল করে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন, লালমনিরহাট সদর থানার এসআই আবদুস সোবহান, মোগলহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান, রাশেদুলের বাবা আবদুল হকসহ পরিবারের সদস্যদের উপস্থিতিতে লাশের সুরতহাল করে লালমনিরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।রাশেদুলের পরিবারের অভিযোগ, গত বুধবার সন্ধ্যায় বিডিআরের সদস্যরা তাদের সামনে রাশেদুলকে নির্যাতনে হত্যা করে লাশ সীমান্তবর্তী ধরলা নদীতে ফেলে দেয়।এ অভিযোগে সীমান্তের গ্রামগুলোর কয়েক হাজার বাসিন্দা ওই দিন রাত নয়টা থেকে ১২টা পর্যন্ত মোগলহাট বিডিআর ক্যাম্প ঘেরাও করে। ঘটনা তদন্তে বিডিআর ও জেলা প্রশাসন পৃথক দুটি দল গঠন করেছে। এ ব্যাপারে মোগলহাট বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার হাবিবুর রহমান গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় বিডিআরের টহল দল দায়িত্ব পালনের সময় দেখতে পায়, রাশেদুল মুঠোফোনে চোরাকারবারিদের সতর্ক করছিলেন। তখন টহলরত বিডিআর সদস্যরা তাঁর হাত থেকে মুঠোফোন নিয়ে তাঁকে নদীর তীরে নিয়ে যান। এ সময় নৌকাবোঝাই ভারতীয় সার দেখতে পেয়ে রাশেদুল নদীতে ঝাঁপ দেন। এ ছাড়া আর কোনো কথা তিনি বলেননি।এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চওড়াটারী গ্রামের একটি মুদি দোকানের সামনে থেকে রাশেদুলকে চোরাকারবারি সন্দেহে আটক করেন বিডিআরের টহল দলের দুই সদস্যরা। খবর পেয়ে রাশেদুলের বাবা আবদুল হক ও পরিবারের অন্য সদস্যরা ওই বিডিআর সদস্যদের অনুসরণ করেন। তাঁরা দেখতে পান, বিডিআর সদস্যরা রাশেদুলকে কাছের একটি শ্যালোপাম্প ঘরে নিয়ে যান। সেখানে আগে থেকে উপস্থিত আরও চার বিডিআর সদস্য রাশেদুলকে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন চালান। একপর্যায়ে রাশেদুল অসুস্থ হয়ে পড়েন। এ সময় বিডিআর সদস্যরা রাশেদুলকে ৯২৮ ও ৯২৭ মেইন পিলারের মাঝামাঝি স্থান দিয়ে ভারতীয় অংশে অবস্থিত ধরলা নদীর তীরে নিয়ে যান। সেখানে আরও নির্যাতন চালিয়ে বিডিআর সদস্যরা রাশেদুলকে নদীতে ফেলে দেন।রাশেদুলের পরিবার জানায়, এ সময় তারা পুরো ঘটনা দেখলেও ভয়ে কাছে যেতে পারেনি। বিডিআর সদস্যরা চলে গেলে তারা ঘটনাস্থল থেকে রাশেদুলের ব্যবহূত স্যান্ডেল উদ্ধার করে। এ সময় তারা নদীতে নেমে অনেক তল্লাশি করেও রাশেদুলকে খুঁজে পায়নি।