৩৬ ঘণ্টা পর ২১ জেলার পরিবহন ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৬ ঘণ্টা পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকার শ্রমিক ভবনে দক্ষিণ-পশ্চিমাঞ্চল পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে সন্ধ্যা ছয়টার দিকে যশোরসহ বিভিন্ন জেলা থেকে বাস ছেড়ে গেছে বলে জানা গেছে।আজ বেলা সাড়ে ১১টার দিকে ঐক্য পরিষদের আহ্বায়ক কে এস এম শাহ আলমের সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খুলনা ও বরিশাল বিভাগের অন্তত ৫৩টি শ্রমিক সংগঠন ও ৩০টি পরিবহন মালিক সমিতির নেতারা যোগ দেন।বৈঠক শেষে বিকেল পাঁচটার দিকে যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ঈদের আগে পরিবহনের চালক জামির হোসেনের জামিন দেওয়ার জন্য যোগাযোগমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার প্রতি সম্মান জানিয়ে ধর্মঘট স্থগিত করা হয়েছে।আনোয়ার হোসেন জানান, আগামী ৭ নভেম্বরের মধ্যে দাবি না মানা হলে ২০ নভেম্বর থেকে আবার ২১ জেলায় ধর্মঘট কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান।পরিবহনে শ্রমিকদের তাণ্ডব: কলকাতা থেকে ছেড়ে আসা বিআরটিসির ঢাকাগামী একটি বাস দুপুরে চাঁচড়ার শ্রমিক ভবনের সামনে পৌঁছালে ৩০-৩৫ জন শ্রমিক লাঠিসোঁটা নিয়ে ওই বাসে অতর্কিত হামলা চালান। ওই বাসের সামনের গ্লাস ভাঙচুর করা হয়েছে। বাসের যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা আনছার সদস্য রফিকুল ইসলাম এতে জখম হন। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।এ ব্যাপারে ওই পরিবহনের সহযোগী নির্মল কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, ‘পুলিশের প্রহরায় বাসটি চাঁচড়া এলাকায় পৌঁছালে শ্রমিকেরা অতর্কিত হামলা চালিয়ে গ্লাস ভাঙচুর করেন। এ সময় পরিবহনের ভাঙা গ্লাসে আনছার সদস্য রফিকুলের হাত কেটে যায়। তাঁকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। এ সময় শ্রমিকেরা বাসচালক আমির হোসেন ও আমাকে মারতে উদ্ধত হলে যাত্রীরা ঠেকিয়ে দেন। এ জন্য আমি প্রাণে রক্ষা পেয়েছি।’এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল হোসেন বলেন, বাসটি পুলিশি নিরাপত্তার মধ্যে থাকলেও শ্রমিকদের প্রতিরোধ করার মতো পরিস্থিতি ছিল না। ভাঙচুরের ব্যাপারে বিআরটিসির পক্ষ থেকে মামলা দেওয়া হবে বলে বাসের সহযোগী জানিয়েছেন।