৩৬ ঘণ্টা হরতাল শেষ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াতের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন ছিল বস্তুত টিলেঢালা। রাজধানীর সড়কগুলোতে প্রথম দিনের তুলনায় বাস, সিএনজিচালিত অটোরিকশা, হিউম্যান হলার আর রিকশা চলাচল বেশি ছিল। প্রথম দিন বন্ধ থাকলেও দ্বিতীয় দিনে বেশ কিছু দোকানপাট ও বড় মার্কেট খোলা ছিল। গতকালের হরতালের বড় খবর বলতে ছিল সাংসদ হারুনুর রশীদকে আটক করা। তবে সন্ধ্যায় তিনিসহ আটক তিনজনকে ছেড়ে দেওয়া হয়। হরতালের সমর্থনে তেমন কোনো মিছিল চোখে পড়েনি। বিএনপির নেতারা রাজপথে ছিলেন না বললেই চলে। তবে পুলিশ ছিল আগের দিনের মতোই তৎপর। এর মধ্যে হরতাল-সমর্থনকারীরা মিরপুর, মগবাজার, বনানী ও বিশ্বরোডে চারটি গাড়িতে আগুন দিয়েছে। হরতালে সমর্থন দেওয়া চারদলীয় জোটের অপর শরিক ও সমমনা দলগুলোর কোনো কর্মকাণ্ড চোখে পড়েনি। অবরুদ্ধ কেন্দ্রীয় কার্যালয়, এক সাংসদ আটক: গতকালও বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ছিল অবরুদ্ধ। ভোর থেকেই ব্যাপকসংখ্যক র্যাব ও পুলিশের সদস্য কার্যালয় ঘিরে রাখায় নেতা-কর্মীরা ভেতরে যেতে পারেননি, বেরোতেও পারেননি। কেউ কার্যালয়ের সামনে দাঁড়াতেও পারেননি। তবে সংসদ সদস্যসহ অল্প কয়েকজন নেতা সকালেই কৌশলে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিলে বিএনপির সাংসদ হারুনুর রশীদ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবেদ রাজাকে আটক করে পুলিশ। সকাল থেকে কার্যালয়ের আশপাশে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়।একজন সাংসদকে আটকের পর বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, ‘সংসদ চালু থাকা অবস্থায় কোনো সদস্যকে গ্রেপ্তার করতে হলে স্পিকারের অনুমতির প্রয়োজন। এখানে তা করা হয়নি।’সকাল ছয়টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, বরকতউল্লা, জয়নুল আবদিন ফারুক, নাজিম উদ্দিন আলম, মহানগর বিএনপির সদস্য-সচিব আবদুস সালামসহ কয়েকজন নেতা-কর্মী। কিন্তু পুলিশ তাঁদের বাইরে বেরোতেই দেয়নি। তবে এখানে ভ্রাম্যমাণ আদালতের কোনো ম্যাজিস্ট্রেটকে দেখা যায়নি।মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘হরতালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পিকেটারদের সাজা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে যাওয়া হবে।’ তিনি বলেন, হরতালের মতো গণতান্ত্রিক কর্মসূচির সময়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একতরফাভাবে তাৎক্ষণিক সাজা দেওয়ার নজির আগে কখনোই ছিল না। এর বিরুদ্ধে কর্মসূচি দেওয়া হবে। সকাল সাতটার দিকে কমলাপুর থেকে মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল। মিছিলটি মতিঝিলের শাপলা চত্বরের কাছে আসতেই পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। খিলগাঁওয়ে অপর একটি মিছিল বের করে মহিলা দল। দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে থেকে একটি মিছিল বের করে যুবদল। বিএনপি শান্তিনগর বাজারে একটি মিছিল বের করতে চাইলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়।ঢাকা বিশ্ববিদ্যালয়: হরতাল চলাকালে গতকালও শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, মৎস্য ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিএনপি বা ছাত্রদলের কোনো তৎপরতা ছিল না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের বাসভবন প্রাঙ্গণ থেকে ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। সকাল ১১টার দিকে উপাচার্যের বাসভবনের সীমানা দেয়ালের বাইরে থেকে ভেতরের দিকে কে বা কারা দুটি ককটেলসদৃশ বস্তু ছুড়ে মারে। কর্মচারীরা সেগুলো দেখতে পেয়ে উদ্ধার করে বালতিতে ভিজিয়ে রাখেন এবং শাহবাগ থানায় খবর দেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হবে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, পুলিশের বোমা নিষ্ক্রিয় দলের সদস্যরা ককটেলসদৃশ বস্তু দুটি উদ্ধার করেছেন। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।মহাখালী, খিলক্ষেত, বনানী, বাড্ডা, গুলশান: মহাখালী, বনানী, বাড্ডা ও গুলশান এলাকায় হরতাল ছিল ঢিলেঢালা। কুড়িল বিশ্বরোডে আর্মি গলফ ক্লাবের উল্টো দিকে জোয়ারসাহারায় একটি বাসে ও বনানী কবরস্থানসংলগ্ন ঢাকা গেটের সামনে একটি সিএনজিতে আগুন দেওয়া হয়। তবে পুলিশ কাউকে আটক করেনি।এসব এলাকায় বেশ কিছু বাস-মিনিবাস ও সিএনজি চলাচল করেছে। বেশির ভাগ দোকানপাট খোলা ছিল। তবে বড় মার্কেট ছিল বন্ধ।জোয়ারসাহারা এলাকায় সকাল সাড়ে সাতটার দিকে একটি বাসের (ঢাকা মেট্রো-জ-২৬৫০) পেছনের অংশে আগুন দেওয়া হয়। পুলিশের যুগ্ম কমিশনার শাহাবুদ্দিন কোরাইশী বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে, এ ঘটনা পরিকল্পিত।’দুপুর ১২টার দিকে বনানী কবরস্থানসংলগ্ন ঢাকা গেটের সামনে একটি সিএনজিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে কারা এটা করেছে, তা জানা যায়নি।সকাল পৌনে নয়টা থেকে ১০টা পর্যন্ত তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা মহাখালীতে হরতালের বিপক্ষে দফায় দফায় মিছিল করে। পৌনে ১১টার দিকে বাড্ডার নতুন বাজার এলাকায় মোটরসাইকেলে চেপে হরতালবিরোধী মহড়া দেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।দুপুর একটা পর্যন্ত দূরপাল্লার কোনো বাস মহাখালী বাসস্ট্যান্ড ছেড়ে যায়নি। তবে ওই এলাকায় কিছু বাস-মিনিবাস ও সিএনজি চলাচল করেছে।ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মানিক মিঞা প্রথম আলোকে জানান, শহরের ভেতরে তাঁদের কিছু গাড়ি চলেছে। যাত্রী না থাকায় দূরপাল্লার কোনো গাড়ি চলেনি।শান্তিমিছিল ও আতঙ্ক: দুপুর ১২টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের সামনে প্রায় ২০টি মোটরসাইকেলের বহর অবস্থান নেয়। পেছনে শ দুয়েক লোকের জমায়েত। মোটরসাইকেলগুলো চলতে শুরু করলে ওই পথে আগুয়ান বেশ কয়েকটি বাস ও ব্যক্তিগত গাড়ি নিরাপদ দূরত্বে থেমে যায়। ব্যক্তিগত গাড়িগুলো পেছনের দিকে ছুটতে শুরু করলে মিছিল থেকে কয়েকজন দৌড়ে গিয়ে বলতে থাকে, ‘এটা শান্তিমিছিল। গাড়ি ভাঙচুর হবে না। আপনারা গাড়ি চালান।’ জানা গেছে, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে এ মিছিলে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা অংশ নেন।মোহাম্মদপুর, ধানমন্ডি ও শ্যামলী এলাকায় যান চলাচল আগের দিনের তুলনায় বেশি ছিল। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ছাড়াও বেসরকারি মালিকানাধীন বাস চলাচল করেছে।জামায়াতের তৎপরতা ছিল কম: জামায়াত-শিবিরের তৎপরতা আগের দিনের চেয়ে কম ছিল। সকাল সাড়ে আটটায় যাত্রাবাড়ী চৌরাস্তার কাছে হরতালের সমর্থনে একটি মিছিল বের করেন স্থানীয় জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা। মিছিলের স্থায়িত্ব ছিল কম। পুলিশের দৃষ্টি এড়াতে বিক্ষোভকারীরা মিছিল শেষে কাঁচাবাজারের ক্রেতাদের সঙ্গে মিশে যায়।বেলা দেড়টায় পুরানা পল্টনের কালভার্ট রোডে হরতালের সমর্থনে মিছিল বের করে ঢাকা মহানগর জামায়াত। কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল এর নেতৃত্ব দেন। পুলিশ আসার আগেই ব্যানার গুটিয়ে সরে পড়েন তাঁরা। সকাল সাড়ে ১১টার দিকে বেইলি রোড থেকে একটি মিছিল বের হয়ে ৫০০ গজ গিয়ে তা শেষ হয়ে যায়।গত দুই দিনে জামায়াত-শিবিরের চোরাগোপ্তা মিছিলের বিষয়ে জানতে চাইলে দলের ঢাকা মহানগর কমিটির প্রচার সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘একদিকে র্যাব-পুলিশ, আরেকদিকে ক্ষমতাসীন দলের ক্যাডারদের নির্যাতন; এত কিছু উপেক্ষা করে আমরা যদি এক মিনিটের জন্যও রাস্তায় নামতে পারি, সেটাই আমাদের সাফল্য।’