৩৬ ঘণ্টার হরতাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার সকাল ছয়টা থেকে শুরু হচ্ছে বিএনপি ও জামায়াতের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি। কাল সোমবার সন্ধ্যা ছয়টায় এ কর্মসূচি শেষ হবে।হরতাল সামনে রেখে গতকাল শনিবার দুপুর থেকেই রাজধানীতে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নগরে নয়টি বাসসহ ১১টি গাড়িতে আগুন দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। রাস্তায় বাসের সংখ্যাও কমে যায়। ফলে ঘরমুখো মানুষকে দুর্ভোগে পড়তে হয়।পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার গতকাল রাজারবাগে এক অনুষ্ঠানে বলেন, হরতালের সময় নাশকতার চেষ্টা হলে তা কঠোর হাতে দমন করা হবে।হরতালের সমর্থনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছেন। এ ছাড়া হরতালের পক্ষে বিভিন্ন স্থানে প্রচারপত্রও বিতরণ করা হয়েছে। ১১টি গাড়িতে আগুন: গতকাল বেলা দেড়টার দিকে মতিঝিল নটর ডেম কলেজের পাশে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসটিতে কোনো যাত্রী ছিল না। প্রায় একই সময়ে ১০-১২ জন যুবক মতিঝিল শাপলা চত্বরের সামনে আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয়। বেলা আড়াইটার দিকে মতিঝিল পেট্রলপাম্পের সামনে, বিকেল সাড়ে তিনটায় শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটির সামনে ও পৌনে পাঁচটার দিকে বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে তিনটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর রাত পৌনে নয়টা থেকে ১০টা পর্যন্ত বাড্ডা থানাসংলগ্ন শাহজাদপুর, মিরপুর ১০ নম্বরে বেনারসিপল্লি, মিরপুর সাড়ে ১১ নম্বর ও বাঙলা কলেজের সামনে চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া বিজয় সরণিতে সিএনজিচালিত অটোরিকশা ও আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ের কাছে একটি কারে আগুন ধরিয়ে দেয়।এসব অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি বা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠন জড়িত নয় বলে দাবি করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে প্রথম আলোকে বলেন, ‘বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিতে রাজধানীতে বাসে আগুন লাগানো হচ্ছে। এত কড়া নিরাপত্তার মধ্যে একের পর এক বাসে আগুন লাগানো হচ্ছে, অথচ পুলিশ কাউকে ঘটনাস্থল থেকে আটক করতে পারছে না। এতে বোঝা যায়, এর পেছনে কারা আছে।’বিএনপির সংবাদ সম্মেলন: হরতালে বাধা দিলে পাল্টা জবাবের জন্য সরকারকে প্রস্তুত থাকার হুমকি দিয়েছে বিএনপি। গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হুমকি দেন। তিনি অভিযোগ করেন, হরতালের পূর্বমুহূর্তে সারা দেশে বিএনপির শতাধিক নেতা-কর্মীকে বিনা উসকানিতে গ্রেপ্তার করা হয়েছে। জামায়াতের মিছিল: হরতালের সমর্থনে জামায়াত গতকাল রাজধানীর মৌচাক, রামপুরা বাজার, পুরান ঢাকার বাবুবাজার, ১০ নম্বর গোলচত্বর, মোহাম্মদপুর টাউন হলসহ বিভিন্ন এলাকায় মিছিল করেছে।জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির গতকাল সকাল নয়টায় কাকরাইল থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলটি শান্তিনগরে এসে পৌঁছালে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ সেখান থেকে শিবিরের ১০ জন নেতা-কর্মীকে আটক করে। তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। বাস চালাবে ঢাকা সড়ক পরিবহন সমিতি: গতকাল দুপুরে এক জরুরি সভায় হরতালে ঢাকা শহর ও শহরতলির বিভিন্ন পথে বাস-মিনিবাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন সমিতি। হরতালের দিন গাড়ি চলাচল যেন বাধাগ্রস্ত না হয়, সে জন্য শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করেন সমিতির নেতারা। বিএনপি ও জামায়াত গত শুক্রবার পৃথকভাবে এ হরতাল কর্মসূচি ঘোষণা করে। একতরফাভাবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাতিলের চেষ্টা, সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস মুছে ফেলা, মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্কের ধারা বিলুপ্তির অপচেষ্টা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, গ্যাস-বিদ্যুৎ-পানির তীব্র সংকট, শেয়ারবাজার ধ্বংস ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ লুণ্ঠনের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় অপর দুই শরিক বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী ঐক্যজোট হরতালে সমর্থন দিয়েছে।