বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতাল আজ মঙ্গলবার শুরু হয়েছে। সকাল ছয়টা থেকে শুরু হওয়া এ হরতাল শেষ হবে কাল বুধবার সন্ধ্যা ছয়টায়। হরতাল শুরুর আগেই গতকাল দুপুর থেকে রাজধানীতে নাশকতা চালায় দুর্বৃত্তরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকায় চারটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।গ্রেপ্তার হওয়া দলীয় নেতাদের মুক্তি, মামলা প্রত্যাহার ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে হরতাল দিয়েছে ১৮-দলীয় জোট। গত রোববার দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় অন্য নেতাদের জামিন আবেদন খারিজ করে দেওয়ার পর হরতালের ঘোষণা দেয় ১৮ দল। দুই দিনের হরতালে সহিংসতা হলে বৃহস্পতিবারও হরতাল দেওয়ার পরিকল্পনা আছে বিরোধীদলীয় জোটের।গতকাল সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছে হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করে জাতীয়তাবাদী ছাত্রদল। জোনাকি সিনেমা হলের পাশের গলি থেকে মিছিলটি মূল সড়কে এলে পুলিশ তাদের ধাওয়া দেয়। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে। মিছিলকারীরা ওই সময় তিনটি গাড়ি ভাঙচুর করে। ছাত্রদল দাবি করেছে, পুলিশের গুলিতে তাদের ছয়জন নেতা-কর্মী আহত হয়েছেন।হরতাল সফল করতে বিএনপি দলীয় নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়েছে। ছাত্রদলের নতুন কমিটিকে হরতালে পিকেটিং ও মিছিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।রাজধানীতে গাড়িতে আগুন: সোমবার দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে নয়টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। তোপখানা রোডে সচিবালয়ের সামনে একটি যাত্রীবাহী বাস, শুক্রাবাদে একটি গাড়ি, ধানমন্ডিতে একটি মাইক্রোবাস ও কারওয়ান বাজারে একটি মিনিবাসে আগুন দিয়েছে হরতাল-সমর্থকেরা। সচিবালয়ের সামনে গতকাল বিকেল পৌনে চারটার দিকে যাত্রীবাহী ট্রান্স সিলভা নামের বাসে আগুন দেওয়া হয়। শুক্রাবাদে পৌনে তিনটার দিকে মেট্রো শপিং মলের সামনে একটি গাড়িতে আগুন দেয় হরতাল-সমর্থকেরা। বেলা একটার দিকে ধানমন্ডিতে শিক্ষা মন্ত্রণালয়ের একটি মাইক্রোবাসে আগুন দেওয়া হয়। আড়াইটার দিকে কারওয়ান বাজারে প্রগতি ভবনের সামনে একটি মিনিবাসে আগুন দেওয়া হয়।স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর গতকাল সন্ধ্যায় আইনশৃঙ্খলাবিষয়ক কমিটির সভা শেষে সাংবাদিকদের বলেন, হরতালে নৈরাজ্য সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘কতিপয় দুর্বৃত্ত’ হরতাল আহ্বান করেছে। তাদের হরতাল আহ্বানের কোনো নৈতিক অধিকারও নেই।বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হরতালের সমর্থনে মিছিল বা পিকেটিং মেনে নেওয়া হবে কি না—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, এ ধরনের পিকেটিং অন্যায়। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সুস্পষ্ট নির্দেশ হলো, যে হরতাল অনৈতিক, যে হরতাল বেআইনি, যে হরতাল জনগণ সমর্থন করে না, সেই হরতালের মোড়কে যদি কোনো গোষ্ঠী জনসাধারণের অধিকার লঙ্ঘন করে, তাদের সর্বাত্মক দৃঢ়তার সঙ্গে সর্বশক্তি প্রয়োগ করে দমন করতে হবে।’