৩৬ জনের মধ্যে উপস্থিত ৪
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আজ রোববার রাজধানীর এলেনবাড়িতে সড়ক ও জনপথের (সওজ) ঢাকা সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি ৩৬ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে মাত্র চারজনকে উপস্থিত পান। মন্ত্রীর জনসংযোগ বিভাগ থেকে এ কথা জানানো হয়েছে।জনসংযোগ বিভাগ জানায়, সকাল ১০টার দিকে মন্ত্রী সার্কেল অফিসে গিয়ে ১৪ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে মাত্র একজনকে উপস্থিত পান। এরপর মন্ত্রী ফেরি রক্ষণাবেক্ষণ শাখায় গিয়ে ১৪ জনের মধ্যে দুজনকে উপস্থিত পান। আর ফেরির নির্মাণ ও মেরামত শাখায় আটজনের মধ্যে একজনকে উপস্থিত পান।এ পরিস্থিতিতে ওবায়দুল কাদের সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ও সচিবকে ফোন দিয়ে অনুমতি ছাড়া অফিসে অনুপস্থিত কর্মীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।বেলা ১১টা দিকে মন্ত্রী মিরপুরে বিআরটিএর অফিসে ভেহিকল ইনস্পেকশন সেন্টারে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, ডিজিটাল মেশিন নষ্ট থাকায় সনাতনী পদ্ধতিতে গাড়ির ফিটনেস পরীক্ষা করা হচ্ছে। এতে ২০-২৫ মিনিটি করে সময় লাগছিল। যেখানে ডিজিটাল পদ্ধতিতে লাগে এক মিনিট। এর পরই মন্ত্রী মেশিন মেরামতের নির্দেশ এবং যেসব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ডিজিটাল মেশিন রয়েছে, তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।একই সঙ্গে মন্ত্রী লাইসেন্স ও গাড়ির ফিটনেস ফি ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থার করার পরামর্শ দেন তিনি।