৩৬ ফুটের বেশি চওড়া মহাসড়কে বিভাজক তৈরি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ৩৬ ফুট বা এর বেশি চওড়া মহাসড়কগুলোতে বিভাজক তৈরি করা হবে। ৩৬ ফুটের বেশি চওড়া সড়ক চিহ্নিত করতে এরই মধ্যে দেশের সব জেলায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলীদের চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সওজের প্রধান প্রকৌশলী আবদুল খালেক।আজ সোমবার ‘আন্তর্জাতিক সড়ক যাচাইকরণ কর্মসূচির (আইআরএপি) এন২ (ঢাকা-সিলেট) ও এন৩ (ঢাকা-ময়মনসিংহ) মহাসড়কের প্রাথমিক যাচাই ফলাফল উপস্থাপন’ শীর্ষক এক কর্মশালায় এ কথা বলেন আবদুল খালেক। রাজধানীর ব্র্যাক সেন্টারে ব্র্যাকের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বাংলাদেশের সড়ক যোগাযোগ নিয়ে কাজ করে এমন বিভিন্ন সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।আইআরএপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক গ্রেগ স্মিথ দুটি সড়ক যাচাইয়ের ফলাফল উপস্থাপন করেন। তিনি তাঁর উপস্থাপনায় এ দুটি মহাসড়কে দুর্ঘটনার বিভিন্ন কারণ তুলে ধরেন। ত্রুটিপূর্ণ সড়ক-নকশা ও সড়ক-বিভাজক না থাকার কারণে অনেক দুর্ঘটনা ঘটছে বলে উল্লেখ করা হয়।পরে কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে সওজের প্রধান প্রকৌশলী আবদুল খালেক বলেন, ‘আগে আমরা শুধু সড়ক তৈরি করতাম। কিন্তু এখন আমরা শুধু সড়ক নয়, নিরাপদ সড়ক বানানোর চেষ্টা করছি। তবে ঠিকাদারেরা এখনো সড়ককে নিরাপদ করার চেয়ে কোনো রকমভাবে বেশি বেশি করে সড়ক তৈরির জন্য সরকারকে উৎসাহিত করছেন। সড়ককে নিরাপদ করার জন্য দেশের ৩৬ মিটারের বেশি চওড়া সড়কগুলোর মাঝে বিভাজক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য সব জেলায় কর্মকর্তাদের চিঠিও দেওয়া হয়েছে।কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের পরিচালক আহমেদ নাজিমুল হুসেইন। আর প্রকল্পের সংক্ষিপ্ত বর্ণনা করেন সড়ক নিরাপত্তা ও যানচলাচলবিষয়ক এফআইএ ফাউন্ডেশনের শারিকা ইস্পাহানি।