৩৬ ব্যাংকের কাছে টাকা চেয়ে মেয়রের চিঠি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিল্প ও বণিক সমিতির বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনের ব্যয় নির্বাহে নগরের ব্যাংকগুলোর কাছে আর্থিক অনুদান চেয়ে চিঠি দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র। সরকারি-বেসরকারি ৩৬টি ব্যাংকের শাখায় এই চিঠি দিয়ে ৫০ হাজার টাকা করে চাওয়া হয়েছে।মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন অবশ্য বলেছেন, ব্যাংকগুলোর স্থানীয় অফিসের সঙ্গে পরামর্শ করেই অনুদান চেয়ে এই চিঠি দেওয়া হয়।জানা যায়, কাল শুক্রবার (১৯ আগস্ট) শিল্প ও বণিক সমিতির রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলন হবে। বেলা আড়াইটায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মেমোরিয়াল অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে তিনজন মন্ত্রী থাকবেন বলে দাওয়াতপত্রে উল্লেখ রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মেয়র খায়রুজ্জামান। দাওয়াতপত্রের নিচে রাজশাহী শিল্প ও বণিক সমিতির প্রশাসক জিয়াউল হক এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ সেকেন্দার আলীর নাম রয়েছে।সূত্র জানায়, এই সম্মেলনের জন্য বাজেট ধরা হয়েছে ১৯ লাখ টাকা। এই ব্যয় নির্বাহের জন্য সিটি করপোরেশনের মেয়র নগরের সব ব্যাংকের শাখায় অনুদান চেয়ে গত মঙ্গলবার তাঁর প্যাডে চিঠিটি দিয়েছেন।রাজশাহী নগরের কয়েকটি বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ব্যয় নির্বাহ নিয়ে নগরের সব ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে চার দফা বৈঠক করা হয়েছে। প্রতিটি ব্যাংক কত টাকা দেবে, সে বিষয়ে প্রথম তিনটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। গত শনিবার সিটি করপোরেশনে মেয়রের কার্যালয়ে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে সর্বশেষ বৈঠকে প্রতিটি ব্যাংকের জন্য ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়। তবে মঙ্গলবার মেয়রের স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠিতে প্রতিটি ব্যাংকের কাছে ৫০ হাজার টাকা চাওয়া হয়।যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এবং বর্তমানে কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ প্রথম আলোকে বলেন, চেম্বারের সদস্যরা নিজস্বভাবে অর্থায়ন করতে পারেন। মেয়রের প্যাডে এ ধরনের আনুষ্ঠানিকভাবে ব্যাংকের কাছে টাকা চাওয়া শোভন মনে হয় না।নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁরা ৩০ হাজার টাকার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু চিঠিতে ৫০ হাজার টাকা চাওয়ায় তাঁরা বিব্রতকর অবস্থায় পড়েছেন। কারণ টাকার জন্য তাগাদা দেওয়া হচ্ছে। ওই কর্মকর্তা আরও বলেন, যেহেতু চিঠিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর লেখা, সে জন্য তাঁরা চিঠি পেয়েই ডাকযোগে তা এমডিকে পাঠিয়েছেন। তাঁর (এমডি) নির্দেশ পেলে তাঁরা টাকা দেবেন।আরও কয়েকটি ব্যাংকে খোঁজ নিয়ে জানা গেছে, তারা ওই চিঠি তাদের এমডিকে পাঠিয়েছে।মেয়রের প্যাডে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, সরকারের দিনবদলের অঙ্গীকার বাস্তবায়নে অবহেলিত রাজশাহী অঞ্চলকে দেশের সুষম শিল্পায়নের ধারায় ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ১৯ আগস্ট দেশের বিরাজমান অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যাংক সুদের হার, সড়ক ও জনপথে নিরাপদ চলাচল নিশ্চিতকরণ, ব্যবসা-বাণিজ্যে হরতালের নেতিবাচক প্রভাব ইত্যাদি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলন-২০১১-এর আয়োজন করা হয়েছে। সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি এবং শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান ও এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।মেয়রের চিঠিতে আরও বলা হয়, ‘রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রায় দুই হাজার ৫০০ জনের এই সম্মেলন সফল করতে ১৯ লাখ টাকার বাজেট প্রস্তুত করেছে। এই বিপুল পরিমাণ ব্যয় নির্বাহ করা রাজশাহী চেম্বারের একার পক্ষে সম্পন্ন করা দুরূহ। এ ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের সহযোগিতা একান্তভাবে কাম্য। এ উপলক্ষে রাজশাহী চেম্বারের অনুকূলে ৫০ হাজার টাকার একটি আর্থিক অনুদানের ব্যবস্থা নিতে আপনাকে বিনীত অনুরোধ করছি।’ শুভেচ্ছা জানিয়ে চিঠির নিচে স্বাক্ষর করেছেন মেয়র খায়রুজ্জামান।নাম প্রকাশে অনিচ্ছুক অপর একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক বলেন, একটা বড় অনুষ্ঠানের জন্য সবাই মিলে আলোচনা করে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এটাকে তিনি চাঁদাবাজি বলে মনে করেন না। কোনো ব্যাংকের ব্যবস্থাপক যদি তা বলে থাকেন, তাহলে এটা তাঁর হীনম্মন্যতা।এ বিষয়ে ঢাকা থেকে যোগাযোগ করা হলে মেয়র খায়রুজ্জামান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, রাজশাহীর উন্নয়নেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগে এ ধরনের অনুষ্ঠানে এফবিসিসিআই তহবিল দিত। এবার তারা না দেওয়ায় ব্যাংকগুলোর কাছে অনুদান চাওয়া হয়েছে। ব্যাংকগুলোর স্থানীয় অফিসের সঙ্গে পরামর্শ করেই এই চিঠি দেওয়া হয়। কারণ চিঠি দিলে তাদের ঢাকা থেকে অনুমোদন করাতে সুবিধা হবে বলে তারা জানিয়েছে। তিনি জানান, অনুষ্ঠানে ১৬ লাখ টাকা খরচ ধরা হয়েছে।