৩৬ রাইফেল ব্যাটালিয়নের অভিযোগ গঠনের শুনানি ৯ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহ মামলায় ৩৬ রাইফেল ব্যাটালিয়নের ৩১০ জন সদস্যের বিরুদ্ধে আগামী ৯ মে অভিযোগ গঠনের শুনানি হবে। আজ মঙ্গলবার পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫ এ আদেশ দেন। বিশেষ আদালত-৫-এর নেতৃত্ব দেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। আজ সকাল ১০টা ৩৫ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়ে চলে বেলা পৌনে ১২টা পর্যন্ত। আজ ৩১০ জন সদস্যই আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে একজন অসুস্থ ছিলেন। তাঁকে অ্যাম্বুলেন্সে করে আদালতে আনা হয়। আদালতে মইনুল ইসলাম বলেন, ৯ মে অভিযোগ গঠনের দিন আসামিরা আত্মসমপর্ণের সুযোগ পাবেন। দোষ স্বীকার করলে আদালতের কাজ সহজ হবে। সময় লাগবে অনেক কম। তবে সাক্ষ্যপ্রমাণ থেকে অভিযোগ প্রমাণিত হলে অনুকম্পা পাওয়ার সুযোগ কমে যাবে। শুনানির শুরুতেই মামলার বাদী নায়েক সুবেদার মো. গিয়াসউদ্দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। গত ২৩ ফেব্রুয়ারি এ আদালতেই ঢাকা সেক্টর (সদর) বিদ্রোহীদের বিচার শুরু হয়। দুই দিন চলার পর আগামী ১৫ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।