৩৬ লাখ টাকা জরিমানা মাফ!
পরিবেশ আইন লঙ্ঘন করে সাভারের হেমায়েতপুরে ১০০ একর জলা ও কৃষিজমি ভরাট করায় পরিবেশ অধিদপ্তর হলমার্ক গ্রুপকে ৪০ লাখ টাকা জরিমানা করেছিল। কিন্তু পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ঢাকা অঞ্চলের আপিল আদালত জরিমানার ৩৬ লাখ টাকা মওকুফ করে দিয়েছেন। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে অবস্থানগত ও পরিবেশ ছাড়পত্র দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সরেজমিন পরিদর্শন করে জরিমানা করার সময় পরিবেশ অধিদপ্তর হলমার্ক গ্রুপের কাছে ভরাট করা ১০০ একর জমির নামজারির (মিউটেশন) কাগজ দেখতে চেয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি তা দেখাতে পারেনি।অধিদপ্তর সূত্র জানায়, এর আগেও পরিবেশ আইন লঙ্ঘন করায় ২০১১ সালের ১১ অক্টোবর পরিবেশ অধিদপ্তর হলমার্ক গ্রুপকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছিল। ওই টাকা পরিশোধের দুই মাস পর ধলেশ্বরী নদীতে ড্রেজিং মেশিন ও পাইপলাইন বসিয়ে বালু দিয়ে জলাভূমি ভরাট শুরু করে তারা।পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সমর্থনপুষ্ট হওয়ায় হলমার্ক গ্রুপ বারবার পরিবেশ আইন লঙ্ঘন করে তাদের কার্যক্রম চালাচ্ছে। এবার জরিমানা করার পর ওই উপদেষ্টা মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের একাধিক কর্মকর্তাকে ফোন করে হলমার্কের পক্ষে সুপারিশ করেছিলেন বলে জানা গেছে। হলমার্ক গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা ২০১১ সালে অবস্থানগত ও পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করি। কিন্তু পরিবেশ অধিদপ্তর থেকে এখনো কোনো ছাড়পত্র দেওয়া হয়নি। এত দিন তো আর শিল্পকারখানা স্থাপন বন্ধ রাখা যাবে না। তবে পরিবেশ অধিদপ্তর খুব দ্রুত ছাড়পত্র দিয়ে দেবে বলে আশা করছি।’ ৯ জুন তুষার আহমেদ পরিবেশ অধিদপ্তরের কাছে দেওয়া এক অঙ্গীকারপত্রে সাভারের হেমায়েতপুরে ১০০ একর জমি ভরাট করার কথা স্বীকার করে মুচলেকা দিয়েছিলেন। পরদিন তাঁরা একটি বেসরকারি ব্যাংকের পে-অর্ডারের মাধ্যমে জরিমানার ৪০ লাখ টাকা পরিবেশ অধিদপ্তরে জমাও দেন। কিন্তু মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া যায়নি। এক সপ্তাহ পরই হলমার্ক গ্রুপ মন্ত্রণালয়ের ঢাকা অঞ্চলের আপিল আদালতে ওই জরিমানার ব্যপারে সংক্ষুদ্ধতার কথা জানিয়ে আপিল করে। শুনানি শেষে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ) অপরূপ চৌধুরী ৪০ লাখ টাকার জরিমানা কমিয়ে চার লাখ টাকা করে দেন এবং হলমার্ক গ্রুপকে পরিবেশ ছাড়পত্র দিতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেন। জানতে চাইলে অপরূপ চৌধুরী প্রথম আলোকে বলেন, জরিমানা করার পর কেউ সংক্ষুদ্ধ হলে আপিল করতেই পারেন। আপিল আদালত সবকিছু বিবেচনা করে জরিমানা মওকুফসহ অন্যান্য নির্দেশ দিয়েছে। নিয়ম মেনেই সবকিছু করা হয়েছে। এই নির্দেশের পর হলমার্ক গ্রুপ ৪০ লাখ টাকার চেক ফেরত নিয়ে চার লাখ টাকা জমা দেয় বলে মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে।পরিবেশ অধিদপ্তরের অনুসন্ধানে দেখা গেছে, হলমার্ক গ্রুপ নদী থেকে বালু তুলে জলাভূমি ভরাট অব্যাহত রাখায় স্থানীয় সাধারণ মানুষের বসতি ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। ভরাট করা স্থানে হলমার্ক গ্রুপ একটি স্পিনিং কারখানা ও গরুর খামার স্থাপন করছে।