৩৬ সেনা কর্মকর্তাকে স্বাভাবিক অবসর দেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে বরখাস্ত হওয়া ও বাধ্যতামূলক অবসর দেওয়া ৩৬ জন সেনা কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে স্বাভাবিক অবসরের সুযোগ দেওয়ার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। বিভিন্ন সময়ে কমিটির কাছে আসা সেনাসদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে কমিটির সদস্য এইচ এম এরশাদ প্রথম আলোকে বলেন, রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত সেনা কর্মকর্তাদের মূলত সম্মান ফিরিয়ে দেওয়ার সুপারিশ করেছে কমিটি।সভায় কমিটির আগের বৈঠকগুলোতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এতে জানানো হয়, খসড়া জাতীয় প্রতিরক্ষানীতি চূড়ান্ত করতে একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। প্রতিরক্ষা খাতে আমদানিনির্ভরতা কমানোর জন্য বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় দেশীয় প্রযুক্তিতে সমরাস্ত্র তৈরির সক্ষমতা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে সঠিক সময়ে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া নিশ্চিত করতে আবহাওয়া অধিদপ্তরের ৩৫টি পর্যবেক্ষণাগারকে আধুনিকায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিটির সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এইচ এম এরশাদ, মুজিবুল হক, নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মোহাম্মদ রফিকুল ইসলাম ও মঞ্জুর কাদের কোরাইশী অংশ নেন। প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে এম এ মান্নান বৈঠকে যোগ দেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এম এ মুবীন, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরউদ্দিন আহমেদ, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমান, লে. জেনারেল আবদুল ওয়াদুদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব খোন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।