৩৬ সেনা কর্মকর্তার চাকরি ফিরিয়ে দিয়ে স্বাভাবিক অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে যাওয়া ৩৬ জন উচ্চপদস্থ কর্মকর্তার চাকরি পুনর্বহাল করে তাঁদের স্বাভাবিক অবসর দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে বাধ্যতামূলক অবসরে যাওয়া ১৬ জন পদোন্নতিও পেয়েছেন। এসব কর্মকর্তার মধ্যে সাতজন মেজর জেনারেল, ২০ জন ব্রিগেডিয়ার, পাঁচজন কর্নেল ও লে. কর্নেল, তিনজন মেজর ও একজন ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তা আছেন।প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অনুমোদনের পর গত ৩১ ডিসেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বিগত চারদলীয় জোট সরকারের আমলে এসব কর্মকর্তাকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল।সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর প্রচলিত বিধিবিধানে যা-ই থাকুক না কেন, এ সংক্রান্ত পর্যালোচনা কমিটির সুপারিশের ভিত্তিতেই এই কর্মকর্তাদের বিষয়টি নিষ্পত্তি হবে। এখন এই ৩৬ জন কর্মকর্তা অবসর-উত্তর সেনাবাহিনীর প্রচলিত যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন।যোগাযোগ করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সেনাবাহিনীকে তার মতো চলতে দেওয়া উচিত। সেনাবাহিনীর ভেতরে রাজনীতির অনুপ্রবেশ ঘটলে তার ফলাফল শুভ হয় না, আগেও সেনাবাহিনীতে এর খেসারত দিতে হয়েছে। আগে যাঁদের বের করে দেওয়া হয়েছে, সেটা যেমন ভালো ছিল না, এখন যাঁদের বের করা হচ্ছে, সেটাও ভালো নয়।সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ প্রথম আলোকে বলেন, এটা নতুন কিছু নয়, এর আগেও সেনাবাহিনীতে এভাবে অনেক কর্মকর্তার চাকরি হয়েছে। বিশেষ করে ’৭৫-এর পর অনেক কর্মকর্তার চাকরি ফিরিয়ে দিয়ে তাঁদের পদোন্নতি দেওয়া হয়েছিল।সেনা সূত্র জানায়, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর চারদলীয় জোট সরকারের আমলে চাকরিবঞ্চিত সেনা কর্মকর্তারা নিজেদের চাকরি ফিরে পেতে আবেদন করেন। এরপর সেনাবাহিনীর পক্ষ থেকে এ ঘটনা পর্যালোচনার জন্য উচ্চপদস্থ একটি কমিটি গঠন করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামের নেতৃত্বে গঠিত কমিটি এসব আবেদন যাচাই-বাছাই শেষে প্রতিবেদন দাখিল করে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই ৩৬ কর্মকর্তার চাকরি পুনর্বহাল করা হয়। তবে মেজর জেনারেল থেকে কাউকে পদোন্নতি দেওয়া হয়নি। সূত্র জানায়, চাকরি ফিরে পাওয়া কর্মকর্তাদের মধ্যে বর্তমান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি পাওয়া এনএসআইয়ের মহাপরিচালক মনজুর আহমেদ, বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ, শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ সাফায়াতুল ইসলাম, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী শিকদার উল্লেখযোগ্য। এ ছাড়া মেজর জেনারেল পদ থেকে যাঁরা স্বাভাবিক অবসর পেয়েছেন তাঁরা হলেন, আবদুল হাফিজ মল্লিক, মোহাম্মদ আবুল হোসেন, কাজী আশফাক আহমেদ, শিকদার মোহাম্মদ শাহাবুদ্দিন, আলাউদ্দিন মোহাম্মদ আবদুল ওয়াদুদ ও মো. আবু ইসহাক ইব্রাহিম। ব্রিগেডিয়ার জেনারেল থেকে যাঁরা মেজর জেনারেল পদে পদোন্নতি পাওয়ার পর স্বাভাবিক অবসরে গেছেন তাঁরা হলেন, মোহাম্মদ আলী, মাহবুবুল আলম, মুহাম্মদ মানজুর আলম, মনজুর আহমেদ, আবদুস সালাম চৌধুরী, রফিকুল আলম, জন গোমেজ ও আবদুর রশিদ। কর্নেল থেকে পদোন্নতি পেয়েছেন রকিবুর রহমান, মেজর থেকে রাজিকুল ইসলাম, এহসান ইউসুফ ও জিয়াদুর রহমান, ক্যাপ্টেন থেকে শাসসুদ্দিন আহমেদ চৌধুরী পদোন্নতি পেয়ে স্বাভাবিক অবসরে গেছেন। ব্রিগেডিয়ার থেকে স্বাভাবিক অবসর পাওয়া কর্মকর্তারা হলেন মোহাম্মদ হোসাইন সাদেক, এস এম ইকবাল হোসেন, নুরুল বশীর, মোহাম্মদ আলী মণ্ডল, মাহবুবুল হক, এ কে এম রফিকুল ইসলাম, আবুল হাশিম খান, শহীদুল ইসলাম ও শহীদউল্লাহ চৌধুরী। কর্নেল ও লে. কর্নেল থেকে স্বাভাবিক অবসর পেলেন মুরাদ মোহাম্মদ খালেকুজ্জামান, আইনুল আজিম, মো. শহীদ উদ্দিন খান ও শেখ আবিদুর রহমান। পর্যালোচনা কমিটির সুপারিশের ব্যাপারে জানতে চাইলে কমিটির প্রধান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজনৈতিক আক্রোশে এসব জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।