৩৭ ইসলামি জঙ্গিকে মুক্তি দিয়েছে লিবিয়া
লিবীয় সরকার গতকাল মঙ্গলবার কারাগার থেকে ৩৭ জন ইসলামি জঙ্গিকে মুক্তি দিয়েছে। পিটিআই জানিয়েছে, এই জঙ্গিদের মধ্যে রয়েছেন ওসামা বিন লাদেনের একজন সাবেক গাড়িচালক। মুক্তি পাওয়া জঙ্গিরা প্রায় সবাই লিবিয়ার জঙ্গি সংগঠন লিবিয়ান ইসলামিক ফাইটিং গ্রুপের (এলআইএফজি) সদস্য।লিবিয়ার রাজধানী ত্রিপোলির আবু সালিম কারাগারে গতকাল এই মুক্তি পাওয়া জঙ্গিরা তাদের পরিবার-পরিজনের সঙ্গে মিলিত হয়।আবু সালিম কারাগারের একজন কর্মকর্তা বলেছেন, মুক্তি পাওয়া জঙ্গিরা প্রায় সবাই এলআইএফজির সদস্য হলেও তারা গ্রেপ্তার হওয়ার আগে উত্তর আফ্রিকার কয়েকটি দেশে আল-কায়েদার সঙ্গে মিলিতভাবে সন্ত্রাসবাদী তৎপরতার সঙ্গে জড়িত ছিল।মুক্তি পাওয়া জঙ্গিদের মধ্যে রয়েছেন নাসের তাইলামন নামের এক জঙ্গি, যিনি একসময় ওসামা বিন লাদেনের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। এ ছাড়া রয়েছেন আবু সুফিয়ান বিন গুইমও নামের গুয়ান্তানামো বে কারাগারের সাবেক এক বন্দী। তাইলামন ও সুফিয়ান দুজনকেই যুক্তরাষ্ট্র সরকার ২০০৭ সালে লিবিয়া সরকারের কাছে হস্তান্তর করেছিল।বিপ্লবের মাধ্যমে প্রেসিডেন্ট গাদ্দাফির ক্ষমতা গ্রহণের বার্ষিকী স্মরণে প্রতিবছর দেশটির কারাগার থেকে এমনিভাবে বিভিন্ন ধরনের বন্দীদের মুক্তি দেওয়া হয়। এ বছর সেই একই উপলক্ষে ৩৭ জন ইসলামি জঙ্গিকে মুক্তি দেওয়া হলো।