৩৭ ঘণ্টা পর সিরাজগঞ্জসহ তিন জেলায় গ্যাস সরবরাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ায় পূর্বনির্ধারিত সময়ের ১১ ঘণ্টা আগেই সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়ার সব সিএনজি স্টেশন এবং শিল্প ও বিদ্যুত্ উত্পাদনকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়েছে। আজ শনিবার দুপুর একটার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের ভালব খুলে দিয়ে গ্যাস সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ শুরু করা হয়।গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জেটিসিএল) বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইনের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ১৯ নভেম্বর রাত ১২টায় গ্যাস সরবরাহ বন্ধ করে রক্ষাণাবেক্ষণের কাজ শুরু করে। একই সময়ে পশ্চিমাঞ্চলীয় গ্যাস বিপণন কোম্পানি সিরাজগঞ্জ শহরে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাইনের সংযোগ স্থাপনের জন্য কাজ শুরু করে। এই দুটি কাজের জন্য সময় নির্ধারণ করা হয় ২০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ের ১১ ঘণ্টা আগেই আজ দুপুর একটার দিকে কাজ শেষ হওয়ায় জাতীয় সঞ্চালন লাইনের সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়ায় গ্যাস সরবরাহ করা হয়েছে। সিরাজগঞ্জের পশ্চিমাঞ্চলীয় গ্যাস বিপণন কোম্পানির মার্কেটিং বিভাগের ব্যবস্থাপক মহিবুর রহমান জানান, দুপুর একটা থেকে সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ শুরু করা হয়েছে। রাত আটটার মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। এরপর থেকে শিল্প-কারখানাগুলো উত্পাদনে যেতে পারবে। তবে সিএনজি স্টেশনগুলো রাত নয়টার পর চালু করার জন্য সিলগালা খুলে দেওয়া হবে। এর আগে বিশেষ ব্যবস্থায় শুধু আবাসিক সংযোগগুলোতে গ্যাসের সরবরাহ ছিল।