মামুনুল হক অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো: চড়ুইভাতি (২০০২), একটু (২০০৩), পলায়ন পর্ব (২০০৩), সিক্সটি নাইন (২০০৪), চিঠি (২০০৪), গেস্ট হাউজ (২০০৫), ভাতঘুম (২০০৫) ও চিট-চ্যাট (২০০৪)। আর চলচ্চিত্র আবু সাইয়িদ পরিচালিত বাঁশি (২০০৬)। এরপর কেটে গেছে কয়েকটি বছর। এই সময়টায় ইউনিসেফের হয়ে তিনি কাজ করেছেন পাকিস্তান ও নাইজেরিয়ায়। ছুটিতে দেশে এসেছেন, কিন্তু কোনো নাটকে কাজ করা হয়নি। এবার কিছুদিন তিনি দেশে থাকছেন। অবসর সময়টুকুতে এরই মাঝে কয়েকটি টেলিছবিতে কাজ করছেন। তারই একটি আবার আসিব ফিরে আজ দুপুরে প্রচার করবে চ্যানেল আই। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন আলি ফিদা একরাম তোজো। অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। কেমন লেগেছে?আমার খুব পরিচিত নির্মাতাদের সঙ্গেই কাজ করি। তাই খুব একটা পার্থক্য অনুভব করিনি। তবে এই টেলিছবিতে কাজ করার একটা চ্যালেঞ্জ ছিল—বিদেশিদের মতো করে বাংলা বলা। এটা খুব কঠিন মনে হয়েছে। তবে আমি চেষ্টা করেছি।এভাবে বাংলা বলতে হবে কেন?কারণ, টেলিছবির গল্পটাই সে রকম। গল্পে আমি একজন পরিত্যক্ত শিশু। পরে আমাকে একটি জার্মান পরিবার দত্তক হিসেবে নেয়। ৩৭ বছর পর আমি নিজের শিকড় খোঁজার জন্য দেশে এসেছি। আসার আগে বাংলা শিখেছি। কারণ আমি জার্মান কিংবা ইরেজি ভাষা ব্যবহার করতে চাইনি। এখানে কয়েকজন বিদেশি অভিনয় করেছেন—যুক্তরাষ্ট্রের মিশেল, নেদারল্যান্ডের সপ্তর্ষি, তুরস্কের আর্টান ও তাঁর স্ত্রী মেরাল। বাংলাদেশ থেকে আমিসহ আরও অভিনয় করেছেন নমিরা ও পিদিম।এই টেলিছবির মধ্য দিয়ে কী বোঝানো হয়েছে?আন্তর্জাতিকতা বুঝতে চাইলে নিজের সংস্কৃতি ও কৃষ্টি বুঝতে হবে। সে কারণেই নিজের শিকড় খুঁজে পাওয়া জরুরি। ভাষা হচ্ছে তার অন্যতম। এর মধ্য দিয়েই আমরা নিজেদের ব্যক্ত করি। আজ থেকে শুরু হলো ভাষার মাস। তাই প্রথম দিনেই প্রচার করা হচ্ছে টেলিছবিটি।