৩৮ টাকায় কেনা, বিক্রি ৮৫ টাকায়!
আমদানিকারক, আড়তদার, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের হাত ঘুরে চট্টগ্রামে গতকাল বুধবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮৫ টাকায়। অথচ ভারত থেকে এই পেঁয়াজ কেনায় কেজিপ্রতি ৩৮ টাকা খরচ পড়েছে। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর এখন যাদের কাছে পেঁয়াজ আছে, তারা বেশি দরে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাজার ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানি করা পেঁয়াজ গত মঙ্গলবার সকালে খুচরা বাজারে কেজিপ্রতি ৫৫ টাকায় বিক্রি হয়। এরপর বিকেলে বিক্রি হয় ৭৫ টাকা। আবার গতকাল বুধবার বিকেলে আরও ১০ টাকা বেড়ে ৮৫ টাকায় বিক্রি হয়। অথচ গতকালও আড়তে পেঁয়াজের দাম ছিল মানভেদে কেজিপ্রতি ৬৫ থেকে ৭০ টাকা।খোঁজ নিয়ে জানা গেছে, বেনাপোল, ভোমরা, সোনামসজিদ ও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়। চার ধরনের ব্যবসায়ীর হাত ঘুরে এই পেঁয়াজ আসে ভোক্তার কাছে। আমদানিকারকেরা নির্দিষ্ট কমিশনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ফেনী এলাকায় আড়তদারদের কাছে এ পেঁয়াজ বিক্রি করেন। আড়তদারেরা পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রির পর নির্ধারিত কমিশন কেটে আমদানিকারকদের কাছে বিল পরিশোধ করেন। এরপর পাইকারি ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।বেনাপোল স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানিকারক মো. ইসমাইল হোসাইন প্রথম আলোকে বলেন, বাজারে যেসব পেঁয়াজ বিক্রি হচ্ছে, সেগুলো আমদানিতে কেজিপ্রতি খরচ পড়েছে ৩৮ টাকা। আমদানিকারকেরা ৪০ থেকে ৪২ টাকায় এসব পেঁয়াজ আড়তদারদের কাছে বিক্রি করেছেন। সরবরাহে ঘাটতির সুযোগে পাইকারি ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন।তবে আড়ত প্রতিষ্ঠান মিতা ট্রেডার্সের এমদাদ উল্লাহ দাবি করেন, ‘আমদানিকারকের নির্ধারিত দরেই আড়ত থেকে পেঁয়াজ বিক্রি হচ্ছে। বিক্রির পর কেজিপ্রতি ৪০ পয়সা কমিশন পাচ্ছি আমরা। বুধবার আড়তে মানভেদে ৬৫ থেকে ৭৫ টাকায় পেঁয়াজ বিক্রি হয়েছে।’পাহাড়তলী বাজারের ব্যবসায়ী মোজাহের আলম বলেন, ‘পাইকারি ব্যবসায়ীরা কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি করছেন ৮০ টাকায়। খুচরা বিক্রি হচ্ছে ৮৫ টাকায়।’ প্রতি কেজি পেঁয়াজে দামের ব্যবধান সম্পর্কে তিনি বলেন, প্রতি বস্তায় কয়েক কেজি পেঁয়াজ নষ্ট থাকে। এ কারণে দাম অনুসারে পাইকারি দামের চেয়ে কেজিপ্রতি কয়েক টাকা বেশি দামে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হয়।জানা গেছে, রপ্তানি বন্ধের ঘোষণার আগে আমদানিকারকেরা ভারত থেকে যেসব পেঁয়াজ কিনেছেন, সেগুলো এখন ছাড়িয়ে আনার চেষ্টা করছেন। বেনাপোলের একজন আমদানিকারক প্রথম আলোকে জানান, রপ্তানি বন্ধের আগে তিনি ভারত থেকে ৫০০ টন পেঁয়াজ কিনেছেন। এগুলো এখন ছাড়িয়ে আনার চেষ্টা চলছে।আমাদের মিটফোর্ড প্রতিবেদক জানান, রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম গতকাল ৮ থেকে ১০ টাকা বেড়েছে। পুরান ঢাকার শ্যামবাজারের ঢাকা বাণিজ্যালয়ের ব্যবসায়ী আবদুর রহিম জানান, মঙ্গলবার তাঁদের বাজারে প্রতি কেজি পুরোনো দেশি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা এবং নতুন পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছিল। গতকাল পুরোনো পেঁয়াজ প্রতি কেজি ৬৭ থেকে ৬৮ ও নতুন ৫০ থেকে ৫৩ টাকায় বিক্রি হয়। নয়াবাজারের ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার ৬০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ গতকাল ৭০ টাকায় বিক্রি হয়। আর নতুন পেঁয়াজ বিক্রি হয় ৬০ থেকে ৬৫ টাকায়। ভারত পেঁয়াজ রপ্তানির ওপর সোমবার নিষেধাজ্ঞা জারি করে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশে উৎপাদিত পেঁয়াজ দিয়ে দুই থেকে তিন মাসের চাহিদা মেটে। বাকি বেশির ভাগ পেঁয়াজ আনা হয় ভারত থেকে। আগে পাকিস্তান, তুরস্ক ও চীন থেকে পেঁয়াজ আমদানি করা হলেও অনেক দিন ধরেই তা বন্ধ।